শুকনা বা মোটা— কোনোটাই ভালো নয়
আগে ধারণা করা হত মোটাসোটা মানুষই সুস্থ ও শক্তিশালী। ইদানীং খুব শুকনা ছিপছিপে মানুষকে সুন্দর ও সুস্থ বলে ধরা হয়। আসলে উভয় ধরনের মানুষই আছে স্বাস্থ্য ঝুঁকিতে।
স্বাস্থ্য নিয়ে সবার চিন্তার অন্ত নেই। বিশেষ করে নারীদের। কেননা তাদের একই সঙ্গে কর্মক্ষম, সুস্থ এবং সুন্দর থাকার চেষ্টা চিরন্তন। সুন্দর থাকার জন্য অনেক ধরনের চেষ্টাই তারা করেন।
ভারতের ইন্টারভেনশনার হৃদরোগ বিশেষজ্ঞ এবং দিল্লির ইয়েশোদা হাসাপাতালের পরিচালক রজত আরোরা জানিয়েছেন, নারীদের শারীরিক গঠন নিয়ে অধিক চিন্তার কারণ তাদের এটি নিয়ে হরহামেশাই লজ্জার মধ্যে পরতে হয়। কেউ শুকনা হলেও তাকে হেয় করে নাম দেওয়া হয়। মোটা হলেও তাকে কেউ ছেড়ে কথা বলে না। তা সে হোক কোনো বিশাল ব্যক্তিত্ব বা সুপার স্টার।
শরীরের আকৃতি নিয়ে কটু কথা শোনেননি এমন নারী খুঁজে পাওয়া অসম্ভব। তবে রজত আরোরার মতে, দেখতে ভালোলাগা বা প্রশংসা পাওয়ার জন্য নয়, সুস্থ জীবনের জন্য একটা আদর্শ ওজনে থাকতে হবে।
রজত আরোরা জানান, শরীরের আকার দেখতে যেমনই হোক না কেনো তা অবশ্যই বিবেচনায় আনতে হবে। কেননা, বডি ম্যাস ইনডেক্স যদি বেশি থাকে এর অর্থ আপনার হৃদরোগের ঝুঁকি রয়েছে। কীভাবে?
জন যদি আদর্শ ওজনের বেশি হয় তবে শরীরে প্লাক নামক এক ধরনের মোম জাতীয় পদার্থ উৎপাদিত হচ্ছে। এটি ধমনীর গায়ে জমাট বাঁধে, ফলে রক্ত চলাচলের পথ সংকীর্ণ হয়ে যায়।
শরীরে ধমনীর কাজ হল অক্সিজেন সমৃদ্ধ রক্তকে হৃদপিণ্ড থেকে শরীরে নিয়ে যাওয়া। সরু নালি দিয়ে সব রক্ত হৃদপিণ্ড থেকে বের হতে পারে না। হৃদপিণ্ডেই তা থেকে যায়। আবার সরু নালির জন্য হৃদপেশিতেও অক্সিজেনের যোগান কমে যায়। এ সমস্যা হৃদযন্ত্রের ক্রিয়াকে বন্ধও করে দিতে পারে।
অধিক ওজনের নারীদের শুধু যে হৃদরোগের ঝুঁকি আছে তা না। এরা পিঠের ব্যথা এবং হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থারাইটিস রোগের ঝুঁকিতে থাকেন। স্থূল নারীদের উর্বরতা এবং সন্তান ধারণ ক্ষমতাও ব্যাহত হয়। যদিওবা সন্তান নিতে সক্ষম হয়ে থাকেন তবুও মাতৃত্বকালীন ডায়াবেটিকস, উচ্চরক্ত চাপে ভোগেন যা স্বাভাবিক প্রসব করার সম্ভাবনা কমিয়ে দেয়।
জরিপে দেখা যায় অধিকাংশ অধিক ওজনের নারীদেরই সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে থাকেন।
তবে অধিক ওজন যে শুধু নারীদের জন্য খারাপ এমন না, এটা পুরুষদের জন্যও একই রকম খারাপ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পৃথিবীতে এক বিলিয়ন লোক অধিক ওজন বহন করে যাদের মধ্যে ৩শ’ মিলিয়নই স্থূলতা ঘটিত সমস্যায় রয়েছে।
এসব পরিসংখ্যান থেকে এটা মনে করার কোনো কারণই নেই যে যারা শুকনা তারা খুব সুবিধাজনক অবস্থানে আছেন। কেউ যদি কয়েকটা বার্গার, কয়েক লিটার সফট ড্রিংকস খেয়েও দিব্যি শুকনা থাকেন তাদের এটা ভেবে খুশি হওয়ার কারণ নেই যে তারা মোটা নন।
শুকনা মানুষের শরীরেও এই খাবারগুলো প্রভাব ফেলে এবং কোনো সতর্কতা সংকেত ছাড়াই এই চর্বিগুলো শরীরে রোগের আশ্রয় তৈরি করে।
ড. আরোরার মতে, কোনো কষ্ট ছাড়াই ওজন কম থাকা কোনো বিশেষ সুবিধাজনক অবস্থানে কাউকে নিয়ে যায় না। তাই কেউ মোটা বা চিকন যাই হোক না কেনো তাকে অবশ্যই নিয়মিত খানিকক্ষণ ব্যায়াম করতে হবে এবং ঘাম ঝরাতে হবে। সুস্থ থাকতে এই ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।
ছবি: রয়টার্স।
