২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্ম ভরা বাইক্কা বিল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বিস্তীর্ণ হাইল হাওরের পূর্ব পাশে প্রায় একশ হেক্টর আয়তনের এ জলাভূমি দেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। যেখানে নৌকায় চড়ে উপভোগ করতে পারবেন পদ্মফুল ফোটা জলে পাখিদের বিচরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 03:17 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

শীতে বাইক্কা বিলের মূল আকর্ষণ নানান ধরনের পাখি। তবে শীত শেষে বসন্তের শেষে এই বিলের এখন পাখি কিছুটা কমে গেলেও বিলজুড়ে ফুটে আছে পদ্ম ফুল। আরও আছে সাদা শাপলা।

শীতে বাইক্কা বিলে ভিড় জমায় পরিযায়ি আর স্থানীয় পাখিরা। শীত শেষে পরিযায়ি পাখিরা বেশির ভাগ চলে গেলেও স্থানীয় পাখিরা এখনও প্রচুর আছে বাইক্কা বিলে।

বিলের শুরুতে ওয়াচ টাওয়ারের আশপাশেই দেখতে পাবেন পার্পল সোয়াম্প হেন বা কালেমের দল। লিটল কর্মোরান্ট বা ছোট পানকৌড়ি প্রচুর থাকলেও কমে গেছে গ্রেট কর্মোরান্ট বা বড় পানকৌড়ি। সাপের মতো লম্বা গলার ওরিয়েন্টাল ডার্টার বা সাপপাখির সংখ্যাও বেশ কম।

তবে বিলের কচুরিপনা কিংবা পদ্মফুলের ফাঁকে ফাঁকে দেখতে পাবেন প্রচুর ডাহুক, জল মোরগ, দল পিপি কিংবা নেউ পিপি।

Image
বাইক্কা বিলে ছোট ডুবুরি, ইংরেজী নাম লিটল গ্রীব।

বাইক্কা বিলে ছোট ডুবুরি, ইংরেজী নাম লিটল গ্রীব।

খুব কাছে থেকেই দেখা যাবে গ্রেট এগ্রেট বা বড় বকের মাছ শিকার। একটু দূরে নজর দিলে হয়ত দেখা যেতে পারে গ্রে হেরন বা ধুসর বক। পার্পল হেরণ বা বেগুনি-বক এখন নাই বললেই চলে। 

এ বিলে দেখা যায় পৃথিবীর বিপন্ন প্রজাতির পাখি কালোমাথা কাস্তেচরা কিংবা কালো কাস্তেচরা। এছাড়া শঙ্খচিল, ভুবন চিল, পালাসী কুড়া ঈগল, গুটি ঈগল ইত্যাদি। আরও আছে এশিয়ান ওপেন বিল বা শামুক খোলের দলও। এছাড়া পুরো বিলজুড়ে এ সময়ে দেখতে পাবেন ছোট্ট পাখি আবাবিলের উড়ে বেড়ানো।

বাইক্কা বিলের আগে কয়েকটি জলাশয়ে দেখতে পাবেন ছোট ডুবুরি, বালি-হাঁস ছোট সরালির দল। তবে পাখি দেখার সঙ্গে এ সময়ে বাইক্কা বিলে ফুটেছে পদ্ম ফুল।

প্রথম ওয়াচ টাওয়ারের আশপাশেই বেশি পদ্ম আছে। পুরোপুরি ফোটে সকালে। এছাড়া পদ্ম ফুলের সঙ্গে পুরো বিল জুড়ে আছে সাদা শাপলাও। নৌকায় ঘুরে উপভোগ করতে পারবেন বাইক্কা বিলের এসব সৌন্দর্য। 

Image
পার্পল সোয়াম্প হেন বা কালেম।

পার্পল সোয়াম্প হেন বা কালেম।

Image
শামুক খায় শামুক খোল পাখি।

শামুক খায় শামুক খোল পাখি।

কীভাবে যাবেন

শ্রীমঙ্গল থেকে বাইক্কা বিলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার আর ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার। শ্রীমঙ্গল শহর ছেড়ে মৌলভীবাজার সড়কে প্রায় ১০ কিলোমিটার পথ চলার পর মূল সড়ক ছেড়ে হাতের বাঁয়ে পাকা সড়কটি এঁকেবেঁকে চলে গেছে বাইক্কা বিলে। তবে এ পথে বরুনা বাজারের পর আরও দুই কিলোমটার পাকা পথ। এর পরেই সড়কটি কাঁচা।

বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত এই সড়কে গাড়ি চলাচলের উপযোগী থাকে। কাঁচা সড়কে প্রায় তিন কিলোমিটার চললেই বাইক্কা বিলের প্রবেশ পথ।

ঢাকা থেকে সড়ক ও রেল পথে সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এনা পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। ভাড়া সাড়ে ৩শ’ থেকে ৪শ’ টাকা।

এছাড়া ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। দুপুর ২টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০টায় ছাড়ে উপবন এক্সপ্রেস। ভাড়া ১১৫ থেকে ৭৬৫ টাকা।

Image
সাপের মতো দেখতে বলে এর নাম সাপ পাখি। ইংরেজী নাম ওরিয়েন্টাল ডার্টার।

সাপের মতো দেখতে বলে এর নাম সাপ পাখি। ইংরেজী নাম ওরিয়েন্টাল ডার্টার।

Image
গ্রে হেরন বা ধুপনি বক।

গ্রে হেরন বা ধুপনি বক।

শ্রীমঙ্গল থেকে বাইক্কা বিলে যাওয়ার জন্য সরাসরি কোনো পরিবহন সেবা নেই। তাই যেতে হবে নিজস্ব কিংবা ভাড়া করা গাড়ি করে। শ্রীমঙ্গল থেকে সারাদিনের জন্য বাইক্কা বিলে যাওয়া আসার জন্য সিএনজি চালিত বেবি টেক্সির ভাড়া পড়বে ৮শ’ থেকে ১ হাজার টাকা। আর জিপ কিংবা মাইক্রোবাসের ভাড়া পড়বে ১ হাজার ৫শ’ ২ হাজার ৫শ’ টাকা।

এছাড়া শ্রীমঙ্গল শহরের সামনে থেকে লোকাল অটোরিকশায় চড়ে যেতে হবে বরুনা বাজার। জনপ্রতি ভাড়া ৫০ টাকা। সেখান থেকে অটো রিকশাতেও যাওয়া যায় বাইক্কা বিল।

বাইক্কা বিল থেকে ফেরার সময় বাহন পাওয়া কঠিন। তাই যে অটো রিকশায় সকালের দিকে বাইক্কা বিলে যাবেন তাকে একটি সময় ধরে ফিরিয়ে নেওয়ার জন্য ঠিক করে রাখা উচিত হবে। 

ঢাকা থেকে রাতের কোনো ট্রেনে শ্রীমঙ্গল গিয়ে পরের দিন বাইক্কা বিলে ঘুরে আবার বিকেলে কোনো ট্রেন ধরে ঢাকা আসতে পারেন। শ্রীমঙ্গল থেকে সকাল ১০টা ৫০ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস, ৯টা ১০ মিনিটে কালনি এক্সপ্রেস, বিকেল ৫টা ১৪ মিনিটে পারাবত এক্সপ্রেস এবং রাত ১২টা ২৩ মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

Image
গ্রে হেরন বা ধুপনি বক।

গ্রে হেরন বা ধুপনি বক।

কোথায় থাকবেন

বাইক্কা বিলের খুব কাছাকাছি থাকার ভালো কোনো ব্যবস্থা নেই। সারাদিন ঘুরে শ্রীমঙ্গল শহরে এসে রাত যাপন করতে পারবেন। শ্রীমঙ্গলে থাকার ভালো মানের জায়গা ভানুগাছ রোডে টি রিসোর্ট। এছাড়া শহরের হবিগঞ্জ সড়কে আছে রেইন ফরেস্ট রিসোর্ট, হবিগঞ্জ সড়কে টি টাউন রেস্ট হাউস, কলেজ রোডে হোটেল প্লাজা ইত্যাদি। এসব হোটেল-রিসোর্টে ৫শ’ থেকে ৫ হাজার টাকায় কক্ষ পাওয়া যাবে।  

মনে রাখবেন

বনভোজন করতে কখনও বাইক্কা বিলে যাবেন না। কোনো রকম ময়লা বিশেষ করে অপচনশীল প্লাস্টিক বর্জ্য বাইক্কা বিলে ফেলে আসবেন না। বাইক্কা বিল ভ্রমণে সম্পূর্ণ নিরবতা পালন করুন। তাহলে দূর থেকে ভ্রমণে যাওয়াটা স্বার্থক হবে; অনেক বেশি পাখি দেখতে পাবেন।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।

পুরনো খবর:

সিজুক ঝরনায় রোমাঞ্চের স্বাদ
নীল পানির সারিনদী
শীত শেষে আড়িয়াল বিলে