বাড়তি আত্নবিশ্বাস থেকে ভুল সিদ্ধান্ত
আত্নবিশ্বাস আর অতিরিক্ত আত্নবিশ্বাস সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। গবেষকরা বলছেন, যাদের ধারণা বুদ্ধিমত্তা স্থায়ী এবং অপরিবর্তনশীল, তাদেরই অতিরিক্ত আত্নবিশ্বাসী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির জয়েস আরলিঙ্গার বলেন, “এ ধরনের মানুষ নিজেদের অতিরিক্ত আত্নবিশ্বাস বজায় রাখতে যে কোনো কাজের সহজ অংশগুলোর প্রতি বেশি মনোযোগী হন। আর কঠিন অংশগুলোতে যতটা সম্ভব কম সময় দেন।”
এক্সপেরিমেন্টাল সোশাল সাইকোলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি আরও মত দেন যে, “কিছুটা অতি-আত্নবিশ্বাস ভালো। তবে বাড়াবাড়ি রকমের হয়ে গেলে তা মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত করতে পারে এবং শেখার বিভিন্ন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।”
তবে যারা উন্নয়নশীল মানসিকতা পোষণ করেন, মনে করেন বুদ্ধিমত্তা নিয়ত পরিবর্তনশীল, তারা কাজের কঠিন দিকগুলোর প্রতি বেশি মনোযোগ দেন। ফলে তাদের আত্নবিশ্বাসের সঙ্গে যোগ্যতারও মিল থাকে।
গবেষকরা দেখেছেন, গাড়ি ও মোটরসাইকেল চালক, ডাক্তার, উকিলদের অতি-আত্নবিশ্বাসের সমস্যা বেশি দেখা যায়।
কয়েকটি গবেষণায় দেখা গেছে, যেসব ছাত্র বুদ্ধিমত্তা দিয়ে নির্দিষ্ট মানসিকতা পোষণ করেন তারা উন্নয়নশীল মানসিকতাধারীদের তুলনায় বেশি অতি-আত্নবিশ্বাস প্রকাশ করেছেন।
গবেষণায় আরও দেখা যায়, বুদ্ধিমত্তা নিয়ে স্থির মানসিকতা সম্পন্ন ছাত্ররা জটিল সমস্যা সমাধানে মনোযোগ দিয়েছেন কম। ফলে মানসিক ভাবে উন্নয়নশীল ব্যক্তিদের তুলনায় অতি-আত্নবিশ্বাস দেখিয়েছেন বেশি।
আরেকটি গবেষণা থেকে জানা গেছে, আতি-আত্নবিশ্বাসীদের কোনো জটিল সমস্যা সমাধানে বাধ্য করা হলে তাদের আত্নবিশ্বাস ভেঙে পড়ে। নিজেদের প্রকৃত যোগ্যতা সম্পর্কে ধারণা হয় তাদের।
আরলিঙ্গার বলেন, “আমরা জানি যে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা ভিন্ন এবং পাঠশালার উপর অনেকটাই নির্ভরশীল। পাঠশালার কার্যকলাপই বুদ্ধিমত্তার প্রতি উন্নয়ন মানসিকতা তৈরি করে। যা ভালো ফলাফল বয়ে আনে।”
তিনি আরও বলেন, “অতি-আত্নবিশ্বাস মানুষের শেখার আগ্রহ নষ্ট করে। প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করতে হলে আপনি যা জানেন না সেটা আপনাকে স্বীকার করতে হবে।”
ছবি: রয়টার্স।
