২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাক্টিভ সিটিজেন প্রোগ্রাম

একটি মানবিক বর্ণালীর নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানভীর মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 04:46 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

তরুণ সমাজকর্মীদের যথাযথ দক্ষতা তৈরি ও বিশ্বব্যাপী তরুণ সমাজকর্মীদের নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্যে আয়োজনটি পরিচালনা করছে ব্রিটিশ কাউন্সিল।

বিশ্বব্যাপী তরুণ নেতাদের মধ্যে নাগরিক সংযুক্তি ও স্বেচ্ছাশ্রমের দক্ষতা তৈরির মাধ্যমে সামাজিক উন্নয়ন উৎসাহিত করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় এ মাসের ১৬ তারিখ থেকে শুরু হল অ্যাক্টিভ সিটিজেন প্রোগ্রাম।

বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করা অন্যান্য দেশগুলো হচ্ছে: যুক্তরাজ্য, সুদান, মিশর, শ্রীলংকা, পাকিস্তান, ইউক্রেন, লেবানন, ভিয়েতনাম ও মায়ানমার। এসব দেশ থেকে অংশগ্রহণকারী তরুণ সমাজকর্মীরা এসে একত্রিত হয়েছেন রাজধানীর একটি স্বনামধন্য হোটেলে।

২০১২ সালের পর দ্বিতীয়বারের মতো এর আয়োজন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশে ব্রিটিশ কাউন্সিল ও সহযোগী প্রতিষ্ঠানের দ্বারা এই বৈশ্বিক কর্মসূচী পরিচালনা করে আসছে ব্রিটিশ কাউন্সিল।

এই আয়োজনের পেছনে প্রেরণা কী ছিল জানতে চাইলে ব্রিটিশ কাউন্সিলের প্রোজেক্ট ম্যানেজার-সোসাইটি তৌফিক হাসান বলেন, “২০০৯ সালে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশে আমরা ‘নেক্সট জেনারেশন-বাংলাদেশ’ নামের একটি জরিপ চালিয়েছিলাম। আমরা জানতে চেয়েছিলাম, তরুণরা সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা অনুভব করে কিনা বা সমাজকে কিছু দেওয়ার জন্য তারা কী করতে চায়।”

“জরিপের অনেকগুলো ফলাফলের একটি ছিল- প্রত্যেক তরুণই নিজ নিজ সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করে, কিন্তু যথাযথ দক্ষতা ও জ্ঞানের অভাবে তারা জানে না কীভাবে কী করতে হবে। এবং এই সমস্যা বিশ্বব্যাপী সকল দেশের তরুণদের জন্যই প্রাসঙ্গিক।” বললেন তিনি।

তৌফিক হাসান আরও বলেন, “তাই ২০০৯ সালে ‘অ্যাক্টিভ সিটিজেন’ নামের এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি আমরা শুরু করি। এই প্রকল্পের অধীনেই আমাদের কর্মসূচিটির আয়োজন।”

প্রকল্পটির কীভাবে তরুণদের সাহায্য করবে ব্যাখ্যা করে তিনি বলেন, “অ্যাক্টিভ সিটিজেন প্রোগ্রাম মূলত একটি লিডারশিপ প্রোগ্রাম। এখানে আমরা তরুণদেরকে চার দিনের প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণে বিভিন্ন মিথস্ক্রিয় অধিবেশনের মাধ্যমে নেতৃত্বের বিভিন্ন দিক শেখানোর চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণে আমরা যে বিষয়গুলোতে গুরুত্ব দিই তা হল- মানুষের পরিচয় ও সংস্কৃতি, মানুষের ভাষা ও যোগাযোগের বিভিন্ন দিক, সমাজের ক্ষমতা কাঠামো, সামাজিক মানচিত্র, বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাবগুলো পেশ করার উপায় ইত্যাদি। এছাড়াও আমরা আরও শিখিয়ে থাকি, একটি প্রকল্প ব্যবস্থাপনার মৌলিক

বিভিন্ন বিষয় যেমন, কীভাবে প্রকল্পের নকশা তৈরি করতে হয়, কীভাবে তার সম্ভাব্যতা নির্নয় করতে হয়। এই কর্মসূচিতে তারা পরস্পরের আত্মপরিচয় ও সংস্কৃতি থেকে শুরু করে একটি সামাজিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে। সেইসঙ্গে তাদের মধ্যে একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি হবে, যা আমাদের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।”

হোটেলের ছাদে উঠতেই দেখা যায় উৎসবের আমেজ। সারিসারি স্টলে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা নিজ নিজ সংস্কৃতিকে মেলে ধরছেন দর্শনার্থীদের কাছে। অংশগ্রহণকারীরা নিজেরাও ঘুরে ঘুরে অন্য দেশের স্টলে গিয়ে দেখছেন তাদের সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ।

বাংলাদেশি স্টলে দেখা গেল বিভিন্ন হস্তশিল্প, নকশীকাঁথা আর দেশীয়পিঠা ও মিষ্টান্নের পসরা। জায়গাটা গ্রাম্য বাজারের চেহারা ধারণ করায় নামকরণ করা হয়েছে- ‘মার্কেটপ্লেস’। এ যেন এক মানবিক বর্ণালীর নাম।

লেবানন থেকে আগত অংশগ্রহণকারী আমিন হোসাইন এদেশের মানুষের প্রশংসা করলেন, তার মতে বাংলাদেশের মানুষেরা যথেষ্ট বিনয়ী।

বাংলাদেশের কোন জিনিসটি ভালো লাগেনি জানতে চাইলে তিনি বলেন, “এখানকার যানজটটা খুব বেশি, লেবাননেও যানজট আছে তবে এখানকার মতো তীব্র নয়।”

যুক্তরাজ্য যে সত্যিই বহুজাতিক সংস্কৃতির মিলনস্থল, তা বোঝা গেল স্টলের দিকে তাকাতেই। সেখানে রয়েছেন ভারতীয়, পাকিস্তানি, এমন কী নাইজেরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অংশগ্রহণকারীরা।

ব্রিটিশ অংশগ্রহণকারী রিও ফ্লোরেজা জানালেন, স্থানীয় একটি চার্চে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার মাধ্যমে তার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আরম্ভ।

“তারপর যখন ব্রিটিশ কাউন্সিলের এই উদ্যোগটির কথা জানলাম, কোনো দেরি না করেই সেখানে ঢুকে গেলাম” বললেন রিও।

এই কর্মসূচিতে অংশগ্রহণ, ব্যক্তি হিসেবে একজন মানুষকে কতখানি বদলে দিতে পারে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিজের বৃত্তের বাইরে বেড়িয়ে নানান দেশ ও মানুষ দেখতে পারা একটি অসাধারণ ব্যাপার। এর মাধ্যমে আমি আমার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানোর সুযোগ পাবো।”

কথা হল শ্রীলংকা থেকে আগত মোহাম্মদ নালিজ আব্দুল সালামের সঙ্গে। এই তরুণ এসেছেন শ্রীলংকার পূর্বভাগে অবস্থিত ট্রিঙ্কোমালি জেলার ছোট্ট গ্রাম কিন্নিয়া থেকে।

নালিজ বলেন “আমি দেখে এসেছি, গত ত্রিশ বছর ধরে চলা জাতিগত সহিংসতায় সমগ্র শ্রীলংকার পাশাপাশি আমার ছোট্ট গ্রামটিও কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানতাম, যুদ্ধবিধ্বস্ত স্বদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর সম্ভাবনার বীজ এবং নিজেদের দাঁড় ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের মতো তরুণদের অনেক কিছুই করার আছে। কিন্তু কীভাবে শুরু করব বুঝতে পারছিলাম না।”

“ব্রিটিশ কাউন্সিলে কাজ করা আমার এক বন্ধুর কাছে ব্যাপারটা জানানোর পর, সে আমাকে এই উদ্যোগের কথা জানালো। আমি আর আমার বন্ধুরা মিলে সেখানে

প্রশিক্ষণ নিলাম। তারই অংশ হিসেবে আমি এখন বাংলাদেশে।” বললেন নালিজ।

তিনি আরও বলেন, “এই ভ্রমণ শেষে আমি আমার গ্রামে ফিরে যাব, সেখানে আমার মতো অন্য তরুণদেরও প্রশিক্ষণ দেব। আমি নিশ্চিত, আমার এইসব অভিজ্ঞতা আমার গ্রামটাকে বদলে দিতে কাজে আসবে।”

“এদেশের মানুষেরা খুবই আন্তরিক। তাছাড়া আমরা তো দেখতেও একইরকম!” হেসে বললেন নালিজ।

বাংলাদেশকে তারা কতটা পছন্দ করে তা জানা গেল নালিজার এই কথায়, “মজার ব্যাপার কী জানেন? আন্তর্জাতিক ক্রিকেটে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা হয়, আমরা সমর্থন করি বাংলাদেশকে। এমনকি ভারতের সঙ্গেও যদি বাংলাদেশের খেলা হয়, তখনও আমরা সমর্থন করি বাংলাদেশকে।”

কর্মসূচীর অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সাংস্কৃতিক পটভূমি নিয়ে প্রকৃত বোঝাপড়া অর্জনের উদ্দেশ্যে সারাদেশ ভ্রমণ করবেন। ভ্রমণ চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত।

অ্যাক্টিভ সিটিজেন প্রোগ্রাম সম্পর্কে আরও জানতে: www.britishcouncil.org/active-citizens

অ্যাক্টিভ সিটিজেন প্রোগ্রাম-এর ফেসবুক পেইজ: www.facebook.com/activecitizens/timeline