‘নো ওয়ান হোম’
ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘নো ওয়ান হোম’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী তৈয়বা বেগম লিপির একক প্রদর্শনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে পড়ালেখা করেছেন শিল্পী লিপি। তবে শিল্প চর্চার ক্ষেত্রে বহুমাত্রিক মাধ্যম ব্যবহার করেন তিনি। কাজের গুরুত্বের কারণে এরই মাঝে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ও সংগ্রহশালায় কাজও জমা করেছেন। তবে নিজ দেশে একক প্রদর্শনী করছেন একটা লম্বা সময় পর।
২০০৭ সালের পর এটাই শিল্পীর প্রথম একক প্রদর্শনী।
লিপির আয়োজনকে ঠিক গতানুগতিক চিত্রকলা প্রদর্শনীর ছাঁচে ফেলা যাবে না। কারণ পেন্সিল ড্রইংয়ের পাশাপাশি তার প্রদর্শিত কাজের মধ্যে রয়েছে ‘ইনস্টলেশন ও ভিডিও আর্ট’।
গ্যালারির উন্মুক্ত জায়গায় রাখা কাজগুলোর মূল উপাদান স্টেইনলেস স্টিল রেজর ব্লেড। মূলত এই ধাতব উপাদান দিয়েই নারীর প্রতিদিনকার জীবনের নানা ব্যবহার্য জিনিস তৈরি করেছেন শিল্পী। যার মধ্যে রয়েছে হাত ব্যাগ, উঁচু ও সমান হিল জুতা, সেলাই মেশিন, বাথটাব ও অন্তর্বাস।
নারীর একান্ত ব্যক্তিগত বিষয়গুলো কীভাবে নিজের শিল্প কর্মের মধ্য দিয়ে সবার সামনে উপস্থাপন করেছেন শিল্পী লিপি তা নিঃসন্দেহে ব্যক্তি মানুষের মনে আরও জানবার আগ্রহ তৈরি করবে।
এক্ষেত্রে নারীবাদিতার চেয়ে বরং নিজের একান্ত নারীত্বই বেশি গুরুত্ব পেয়েছে কাজ করবার সময় এমনটা জানালেন শিল্পী লিপি।
তিনি বলেন “আমার কাজের মুল থিম আসলে নারীত্ব। কোনো কোনো কাজের মধ্য দিয়ে নারীবাদিতার বিষয়টিও সামনে চলে আসে এটা সত্যি, কারণ আমি আমার চারপাশ দিয়ে প্রভাবিত। কোনো বিশেষ বক্তব্য (স্টেটম্যান্ট) দেওয়ার জন্য নয় বরং কাছেপিঠের কোনো কিছু অনুভব করবার মধ্য দিয়ে সেই বিষয় নিয়ে কাজ করবার সিদ্ধান্ত নেই আমি।”
যেমন ড্রইংগুলোতে নিজের শারীরিক পরিবর্তনগুলোকে রূপক অর্থে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। আবার নিত্য ব্যবহার্য জিনিসগুলোর সঙ্গে তার নিজের যে এক ধররনের দূর যোগাযোগ রয়েছে তা বোঝাতে চেয়েছেন।
অন্যদিকে ভিডিও’র ক্ষেত্রে নিজের পূর্বপুরুষের সঙ্গে ওই জায়গার সম্পর্ক বুঝতে চেয়েছেন। কবরস্থানের ওই জায়গায় না থেকেও উপস্থিত আছেন শিল্পীর পূর্বপুরুষেরা। যা কিনা একান্তই তার ব্যক্তিগত উপলব্ধি।
এর মাঝে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে ‘নো ওয়ান হোম’ শীর্ষক প্রদর্শনী।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৬০, গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
