দুঃখের গানে মেজাজ ঠিক হয়না
আবেগের উপর গানের রয়েছে আসাধারণ প্রভাব। তবে মনের গতি পরিবর্তন করতে দুঃখের গান কিংবা দ্রুতলয়ের গান শুনলে হিতে বিপরীতও হতে পারে।
নতুন এক গবেষণায় এরকম তথ্যই পাওয়া গেছে।
‘ব্রেইন ইমেজিং’য়ের সাহায্যে বিভিন্ন ধাঁচের গানের প্রতি মস্তিষ্কের নিউরনের সাড়া দেওয়া কীভাবে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে তা পরীক্ষা করে দেখেন গবেষকরা।
প্রধান গবেষক, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ ইয়ুভাস্কুলা‘র এমিলি কার্লসন বলেন, “নেতিবাচক আবেগের সঙ্গে বোঝাপড়া করার কিছু উপায় যেমন, স্মৃতিচারণ বা নেতিবাচক বিষয় নিয়ে অবিরাম চিন্তা করার কারণে মানসিক স্বাস্থ্যহানী হতে পারে। কোনো ধরনের গান শোনার কারণে এমনটা হতে পারে কিনা সেটাই আমরা জানতে চেয়েছিলাম।”
মানসিক স্বাস্থ্যের অবস্থা প্রকাশকারী যেমন: দুশ্চিন্তা, উদ্বেগ, নিউরোটিজম ইত্যাদির উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে বেশিরভাগ সময়ই তারা গানের আশ্রয় নেন।
পর্যালোচনায় দেখা যায়, যারা নেতিবাচক অনুভূতি প্রকাশ করতে দুঃখের এবং দ্রুতলয়ের গান শোনেন তাদের মধ্যে উদ্বেগ এবং নিউরোটিজম বেশি।
গবেষণার সহ-গবেষক, ইউনিভার্সিটি অফ ইয়ুভাস্কুলা’র সুভি সারিকাল্লিও বলেন, “নেতিবাচক অনুভূতি প্রকাশ করতে এ ধরনের গান শোনা সবসময় মন ভালো নাও করতে পারে।”
ফ্রন্টিয়ারস ইন হিউমান নিউরোসাইন্স নামক জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়।
