২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্গানিক সিটি

রাজধানী ঢাকা নিয়ে শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের বিমূর্ত চিত্রকলা প্রদর্শনী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 05:49 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

বিমূর্ত শিল্পচর্চা নিয়ে আলোচনা-সমালোচনা চিত্রকলার ইতিহাসের অবিচ্ছেদ্য পাঠ। আমাদের দেশে বিমূর্ত ধারার চিত্রকলা জনপ্রিয় ওঠার সঙ্গে ধর্মীয় বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ কথাও অনস্বীকার্য।

তবে কালের ইতিহাস ধরে রাখতে বিমূর্ত চিত্রকলাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এমন কয়জন খুঁজে পাওয়া যাবে! প্রায় বিরল ও নাতিদীর্ঘ এই তালিকায় অগ্রগণ্য এক সংযুক্তি কাজী সালাহউদ্দিন আহমেদ।

‘অর্গানিক সিটি’ শিরোনামে শিল্পী সালাহউদ্দিনের প্রদর্শনী ঢাকার ইতিহাস পাঠে এমনি এক গুরুত্বপূর্ণ সংযুক্তি। ৩৯টি চিত্রকর্ম ও একটি স্থাপনা কর্ম (ইনস্টলেশন আর্ট) নিয়ে ১৩ অক্টোবর, মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে এই শিল্পীর ৩৩তম একক চিত্র প্রদর্শনী।  

শহর হিসেবে ঢাকা যে বেশ পুরানো তা নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে গেল বেশ কয়েক বছরে। ঢাকার ৪শ’ বছর বলতে যে মূলত ‘রাজধানী ঢাকার ৪০০ বছর’ সে বিষয়ে রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক কিংবা ব্যক্তিগত উদ্যোগ থেকে খুব বড় কোনো কাজ এখনও জনসম্মুখে উন্মুক্ত হয়নি।

আর শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের কাজ এই ঢাকা শহর নিয়েই। বরাবরই শহর নিয়ে কাজ করছেন তিনি। তার শহর ইট-পাথরের এক অবাসভূমি। তবে এই শহরকে বিমূর্ততার মধ্য দিয়ে রঙিন করে হাজির করেছেন করেছেন সালাহউদ্দিন।

রংয়ের ব্যবহারে একেবারেই স্বতন্ত্র ধারা বজায় রেখেছেন শিল্পী। এক্ষেত্রে রং’কে ক্যানভাসে ছড়িয়ে দিতে কোনো প্রচলিত ধারার কাছেপিঠে না ঘেঁষেও, ছবিগুলোকে করে তুলেছেন মোহনীয়। অবশ্য প্রদর্শনীতে জায়গা পাওয়া ৩৯টি চিত্রকর্মের মাঝে সবচেয়ে দৃষ্টিনন্দন মনে হতে পারে রংহীন কাজ দুটোকেই।

রংয়ের আধিক্য কিংবা রংয়ের অনুপস্থিতি কতটা সহজাত হতে পারে সেটার অনন্য দৃষ্টান্ত, শিল্পীর এই প্রদর্শনী।

তার এই কাজ সম্পর্কে বলতে গিয়ে শিল্পী ও সম্পাদক মোস্তফা জামান জামান বলেন, “আমার কাছে মনে হয়, রং ও ফর্ময়ের মাঝে সালাহউদ্দিনের পছন্দ প্রথমটি। ছবিগুলো দেখলে বোঝা যায়, কোনো কোনো জায়গায় আকাশের মাঝেও লাল রং ছড়িয়ে দিয়েছেন তিনি। দূর থেকে দ্বিমাত্রিক মনে হলেও, কাছে গেলে বোঝা যায় এর ঘনত্ব কতখানি বেশি।”

বিষয় হিসেবে ঢাকাকে বেছে নেওয়ার ক্ষেত্রে শিল্পীর শৈশবের অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বার সময় বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক। পরবর্তীতে শিল্পচর্চার ক্ষেত্রে এই রাজনৈতিক অধ্যায়নই হয়ত নিজের শহর আর এর ঐতিহ্যকে ধরে রাখবার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

শিল্পীর কথায়, “ছোটকাল থেকে আঁকাআঁকি করতাম আমি। তবে একটা কথা বলতেই হয়, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল আট বছর। সেসময় আমার চোখের সামনে জ্বলতে থাকা পুরান ঢাকার বাড়িগুলো দীর্ঘদিন আমাকে কষ্ট দিয়েছে। সেই বেদনা থেকেই আমি ভাঙা বাড়িঘর নিয়ে আঁকতে থাকি। আমার কাছে সেই বাড়িগুলো যেন শৈশবের স্মৃতিমাখা হয়েই বেঁচে আছে।”  

তেল রং মাধ্যমে ছবি আঁকেন শিল্পী। এবার প্রদর্শিত ছবিগুলোতে তেল রংয়ে সঙ্গে কাঠের গুঁড়া, বালু ও সুরকি মিশিয়েছেন মনের মত রং তুলে আনতে। একই সঙ্গে ইট-পাথরের শহর গড়ে তুলতে আবশ্য প্রয়োজনীয় এই উপাদানগুলোর যে অন্য তাৎপর্য রয়েছে তা আর বিশেষভাবে মনে করিয়ে দেওয়ার দরকার পড়ে না।

তবে সালাহউদ্দিনের এবারের প্রদর্শনীকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে গ্যালারির মাঝখানে ছড়িয়ে থাকা ইটগুলো। নানান রংয়ে রঙিন এই ইটগুলো মনে করিয়ে শহরের মাতাল রঙিন জীবনকে। কারও কাছে মলিন, কারও কাছে রঙিন এই শহর দাঁড়িয়ে আছে এরকম অসংখ্য ইটের উপর।

তবে এখানেই থামছেন না শিল্পী। জানালেন প্রদর্শনীর পরই নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। ‘আন্ডার দা অ্যাশেজ উইথ সিমেন্ট’ এমন কোনো বিষয়কে মাথায় রেখেই নতুন কাজের পরিকল্পনা করছেন শিল্পী হালাহউদ্দিন আহমেদ।   

এই প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই বিমূর্ত চিত্রকলা প্রদর্শনী। রোববার গ্যালারি বন্ধ থাকবে।

আলিয়ঁস ফ্রঁসেজের ঠিকানাঃ ২৬, মিরপুর রোড (ধানমণ্ডি সড়ক তিনের পাশে), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।