২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে অসুস্থ হওয়া এড়াতে

পানিবাহিত রোগ ছাড়াও ডেঙ্গু আর চর্মরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায় বৃষ্টির দিনে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 03:10 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

সারাদিন বৃষ্টি। খিচুড়ি খেয়ে আলসেমি করার দিন। তবে সবার জীবনে এই বিলাসিতা চলে না।

কাজের জন্য ঘর থেকে বের হতে হয়। ভেজা আবহাওতে তাই নিজেকে সুরক্ষিত রাখার প্রয়োজন। না হলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

পানিবাহিত রোগ থেকে সাবধানতা

কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস এ, আমাশায় ইত্যাদি এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে বৃষ্টির মধ্যে।

মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান মায়ো ক্লিনিক’য়ের তথ্যানুসারে- ভালো মতো রান্না করা খাবার ও পানি ফুটিয়ে গ্রহণ করলে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। পাশাপাশি রাস্তার খাবার খাওয়া এড়ানো উচিত।

সাবধানতা হিসেবে আরও মানতে হবে-

  • অজানা উৎসের পানি পান করা যাবে না।
  • কাঁচা যে কোনো খাবার, যেমন- ফল খাওয়ার ক্ষেত্রে ভালো মতো ধুতে হবে।
  • এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ও রাস্তার বৈদ্যুতিক তারে সংস্পর্শ থেকে সাবধান থাকতে হবে। পানিরোধী জুতা পরতে হবে।

মশার উপদ্রব

বৃষ্টিতে পানি জমে থাকার কারণে মশা জন্মানোর আদর্শ স্থানে পরিণত হয় চারপাশ। আর এই ডেঙ্গুর সময়ে মশার বিস্তার রোধে অতিরিক্ত সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন গুলশান ক্লিনিকের মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান।

চারপাশে বৃষ্টির পানি জমলে পরিষ্কার করতে হবে। ছাদে বা বারান্দায় গাছের টবে পানি থাকলে নিষ্কাষণের ব্যবস্থা করতে হবে। জানালায় নেট ব্যবহার করা উচিত এই সময়। পাশাপাশি মশার হাত থেকে বাঁচার জন্য মশারি টাঙানো, স্প্রে, কয়েল, রিপেলেন্টস ব্যবহার করতে হবে।

বৃষ্টিতে ভিজে গেলে

বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করা অস্বাভাবিক কিছু নয়।

এরকম অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’য়ের লাইফস্টাইল বিভাগে প্রকাশিত একটি প্রতিবেদনে রাজধানীর এভারকেয়ার হসপিটালের জ্যেষ্ঠ মেডিকেল অফিসার ডা. তানিয়া আলম পরামর্শ দিয়েছিলেন- প্রতিকারের আগে প্রতিরোধ ব্যবস্থা গড়তে পারলে ভালো হয়।

তার কথায়, “এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা সবচেয়ে ভালো উপায়। এজন্য ডাক্তারের পরামর্শে সঠিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে ঠাণ্ডার সমস্যা সারে দ্রুত। এছাড়া পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও শরীর সুস্থ রাখতে সাহায্য করে।”

বৃষ্টিতে ভিজে ঘরে ফিরলে প্রথমেই কয়েকটি কাজ করার পরামর্শ দেন এই চিকিৎসক।

  • গরম পানি দিয়ে গোসল করতে হবে।
  • চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
  • লেবু-আদা দিয়ে চা পান করতে হবে।
  • জ্বর জ্বরভাব হলে শরীরের তাপমাত্রা মেপে দেখতে হবে থার্মোমিটার দিয়ে।
  • তাপমাত্রার একশ’র বেশি হলে ট্যাবলেট প্যারাসিটামল নেওয়া যেতে পারে।
  • হাঁচি, কাশি হলে অ্যান্টিহিস্টামিন নেওয়া যেতে পারে।

নিজেকে উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে দ্রুত। এছাড়া সাবান দিয়ে হাত ভালো মতো ধোয়ার অভ্যাস গড়তে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভাইরাসের আক্রমণ অনেকখানি এড়ানো যায়।

ত্বকের ক্ষতি

বৃষ্টিতে ভেজার পাশাপাশি ঘামও হয়। আর এসব থেকে ভিজে থাকা কাপড় গায়ে বেশিক্ষণ লেগে থাকলে চর্মরোগ হওয়ার ঝুঁকি থাকে।

এই বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান ও অধ্যাপক এবং সিটি স্কিন কেয়ারের কর্ণধার ডা. রাশেদ মোহাম্মদ খান জানিয়ে ছিলেন, স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে কিংবা ভেজা কাপড়ে থাকার কারণে ছত্রাকজনীত সমস্যাগুলোর মধ্যে ‘রিংওয়ার্ম’ বা দাদ হওয়ার সম্ভাবনা থাকে।

শরীরের যে কোনো স্থানেই দাদ দেখা দিতে পারে।

এই রোগের লক্ষণগুলো হল-

  • প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
  • পরে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আঁশ হয় এবং বৃত্তাকারে বড় হতে থাকে।
  • মাঝখানের ত্বক ক্রমেই স্বাভাবিক হয়ে আসে। তবে বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে, সঙ্গে বাড়ে চুলকানি। বের হতে থাকে আঠালো রস।
  • মাথায় হলে ওই স্থানের চুল উঠে যায়।
  • নখে হলে দ্রুত নখের রং বদলায় এবং শুকিয়ে ভেঙে যেতে পারে।
  • রোগীর ব্যবহার করা যে কোনো অনুষঙ্গ থেকেই এই রোগ সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।

এরকম হলে দ্রুত চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো মতেই ‘স্টেরয়েড’ যুক্ত মলম ব্যবহার করা যাবে না।

ভেজা কাপড় বা অতিরিক্ত পানির সংস্পর্শে থাকলে আরেকটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যাকে বলে ‘ক্যানডিডা’।

এর লক্ষণগুলো হল-

  • আঙ্গুলের ফাঁকে বা শরীরের অন্যান্য ভাঁজে সাদা হয়ে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।
  • দীর্ঘক্ষণ হাত-পা ভেজা থাকলে, ভেজা জুতা ও কাপড় পরে থাকলে ত্বকের এই রোগ দেখা দিতে পারে।
  • সমাধান হল শরীর ভালোভাবে পরিষ্কার করে, শুকিয়ে ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করা। রোগাক্রান্ত হয়ে গেলে ছত্রাকরোধী ওষুধ খেতে হবে ও মলম ব্যবহার করতে হবে।
  • বৃষ্টির পানি এবং রাস্তায় জমে থাকা নোংরা পানি থেকে ‘একজিমা’ বা চুলকানি হতে পারে। এর চিকিৎসা ভিন্ন। কারণ চুলকানোর কারণে আক্রান্ত স্থানের ত্বক পুরু হয়ে যায়। এছাড়াও খোস-পাঁচড়া, ফোঁড়া এসবের ঝুঁকি থাকেই।

ত্বকের সমস্যা থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা আর ‘ময়েশ্চারাইজার’য়ের ব্যবহার করার গুরুত্ব দেন এই চিকিৎসক।

এছাড়াও ঢিলেঢালা ও সুতি কাপড় পরার পরামর্শ দেন তিনি। পরিধেয় কাপড় যেন গায়ে লেগে না থাকে। খেতে হবে তাজা শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ ফল।

আরও পড়ুন

বৃষ্টির পানিতে চুলের ক্ষতি

বৃষ্টিতে উঁচু তলি ও উজ্জ্বল পাদুকা

ডেঙ্গু নিয়ে সাবধানতা