Published : 18 Nov 2025, 03:45 PM
রাজধানী ঢাকার ব্যস্ততার মাঝে ছোটদের জন্য একটি স্বপ্নের মতো জায়গা— শ্যামলীর শিশু মেলা। এই বিনোদন কেন্দ্র শুধু শিশুদের নয়, পুরো পরিবারের জন্য আনন্দের উৎস।
১৯৮৫ সালে নির্মিত বাংলাদেশের প্রথম বেসরকারি শিশু পার্ক হিসেবে পরিচিত- যা বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে এটি ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড’ নামে পরিচালিত হচ্ছে।
ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন জানালেন বিস্তারিত।
অবস্থান এবং যাওয়ার পন্থা
শ্যামলী শিশু মেলা অবস্থিত ঢাকার শ্যামলী এলাকায়, শ্যামলী বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আরও সহজে বলতে গেলে, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হাসপাতালের উত্তরে, ঢাকা শিশু হাসপাতালের পশ্চিমে।
রিকশা বা সিএনজিতে করে সহজেই পৌঁছানো যায়। এছাড়া মিরপুর বা উত্তরার রুটের বাসে শ্যামলীতে নামলেই চোখে পড়বে এই পার্ক।
খোলার সময় এবং সাপ্তাহিক বন্ধ
শ্যামলী শিশু মেলায় কোনো সাপ্তাহিক বন্ধ নেই। সপ্তাহের সাত দিনই খোলা থাকে, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সরকারি ছুটির দিনেও সাধারণত খোলা থাকে, তবে বিশেষ উৎসবে ভিড় বাড়ে।
প্রধান আকর্ষণ এবং রাইডস
শিশু মেলা মূলত ছোটদের জন্য তৈরি, তবে বড়রাও এখানে আনন্দ পান।
এখানে বিভিন্ন ধরনের রাইড এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে।
রাইডস: বাম্পার কার, মেরি-গো-রাউন্ড, জুমার, ফেরিস হুইল, স্লাইড এবং সুইং— এসব ছোটদের প্রিয়।
অন্যান্য আকর্ষণ: খাবারের স্টল, আইসক্রিমের দোকান, ছবি তোলার জায়গা এবং ছোট থিয়েটার। পরিবার নিয়ে পিকনিক করার জন্যও আদর্শ।
বিশেষ সুবিধা: পথশিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে।
ডিএনসিসির তত্ত্বাবধানে এখন এটি আরও নিরাপদ এবং পরিচ্ছন্ন। তবে ভিড়ের সময় নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সতর্ক থাকা উচিত।
টিকেট মূল্য এবং খরচ
প্রবেশ টিকিটের মূল্য সাধারণত ১শ’ টাকা। রাইডের জন্য আলাদা টিকিট কিনতে হয়। প্রতি রাইড ৬০ টাকা। স্পিড এয়ারক্যাফট ও স্কাইনেট বাম্পার কার ১২০ টাকা করে।
আরও পড়ুন
ঢাকার কাছাকাছি যেসব রিসোর্টে একদিনে বেড়ানো যায়