০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গরমে স্বস্তিতে ডাবের পুডিং

ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারেন পুষ্টিকর ও নিখুঁত ডাবের পুডিং।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 11:00 AM

Updated : 30 Sep 2026, 11:57 PM

গরমের দিনে শরীরে ক্লান্তি দূর করতে এবং তাৎক্ষণিক স্বস্তি ও সতেজতা ফিরিয়ে আনতে ডাবের পানির বিকল্প নেই।

তবে প্রতিদিনের চেনা ডাবের পানি পানের পাশাপাশি এটি দিয়ে যদি তৈরি করা যায় চমৎকার ও সুস্বাদু মিষ্টান্ন।

রন্ধনশিল্পী মিতা খানমের এই বিশেষ রেসিপি অনুসরণ করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা সম্ভব নরম ও মুখরোচক ডাবের পুডিং।

উপকরণ

ডাবের পানি: ২ থেকে আড়াই কাপ

ডাবের শাঁস (নরম অংশ): আধা কাপ (ছোট টুকরা করে কাটা)

চিনি: ২ থেকে ৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)

আগার আগার পাউডার বা চায়না গ্রাস: দেড় চা-চামচ (জেল বা জমানোর জন্য)

পদ্ধতি

মিশ্রণ তৈরি: প্রথমে একটি পরিষ্কার পাত্রে ডাবের পানি নিয়ে, সঙ্গে চায়না গ্রাস বা আগার আগার পাউডার এবং চিনি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

জ্বাল দেওয়া: এবার মিশ্রণটির পাত্রে নিয়ে, চুলায় বসিয়ে মাঝারি আঁচে ভালো করে জ্বাল দিতে হবে। পানিতে বলক আসার পর অন্তত ৫ মিনিট বা চায়না গ্রাস সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে।

হালকা ঠান্ডা করা: চিনি ও জমানোর পাউডার পুরোপুরি মিশে গেলে চুলা বন্ধ করে দিতে হবে এবং মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে সামান্য বা হালকা ঠান্ডা করে নিতে হবে।

শাঁস সাজানো ও সেট করা: যে নির্দিষ্ট পাত্র বা ছাঁচে পুডিং জমানো হবে, সেই পাত্রের তলায় আগে থেকে ছোট টুকরা করে কেটে রাখা নরম ডাবের শাঁসগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে।

এবার ডাবের পানির হালকা গরম মিশ্রণটি শাঁসের ওপর ধীরে ধীরে ঢেলে দিতে হবে।

জমানো ও পরিবেশন: পাত্রটি স্বাভাবিক তাপমাত্রায় ১০-১৫ মিনিট রেখে দেওয়ার পর ফ্রিজে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার জন্য সেট হতে দিতে হবে।

পুডিংটি পুরোপুরি ও শক্তভাবে জমে গেলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা কিউব আকারে কেটে পরিবেশন করুন সুস্বাদু ডাবের পুডিং।

পুরানো খবর:

মসুর ডালে মচমচে পটল ভাজা
ছোট চিংড়ির মুখরোচক ভর্তা
মুখ মিষ্টিতে ছানার পায়েস