শেখ মুজিবের চিঠি
এখন পর্যন্ত মোট ৯৫টি চিঠি পাওয়া গেছে। এর মধ্যে ৭৭টি বঙ্গবন্ধুর লেখা এবং ১৮টি বঙ্গবন্ধুকে লেখা।
শব্দ ছুঁয়ে ছুঁয়ে হৃদয়ের ছবি আঁকাই চিঠি। চিঠি কখনো এতোটাই শৈল্পিক রূপ পায় যে, তা সাহিত্যের সামগ্রী হয়ে ওঠে। হয়ে ওঠে ইতিহাসের দলিল। যেমনটি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে।
বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে ৩ হাজার ৫৩ দিন কারাভোগ করেন। এর মধ্যে ব্রিটিশ আমলে তিনি যখন স্কুলছাত্র তখন কারাভোগ করেন ৫ দিন। বাকি ৩ হাজার ৪৮ দিন কারাভোগ করেছেন পাকিস্তানের ২৩ বছরের শাসন আমলে, যা বছরের হিসাবে প্রায় সাড়ে ৮ বছর।
এই দীর্ঘ সময়ে বঙ্গবন্ধু জেলে বসে নানা ধরনের কাজ করেছেন। অবসরে পড়েছেন বই, পত্রপত্রিকা। লিখেছেন চিঠিপত্র, ডায়েরি। মুরগি-কবুতর পালন করেছেন। বন্দি সেলের বাইরের আঙিনায় করেছেন ফুলের বাগান। করেছেন বাগান পরিচর্যা। এমনকি রান্না-বান্নার কাজও করেছেন। সব কাজের মধ্যে তিনি সারাজীবন যে পরিমাণ চিঠি লিখেছেন তার স্বল্পসংখ্যকই পাওয়া গেছে।
এসব চিঠিতে তার দেশপ্রেম, রাজনৈতিক চিন্তা, দর্শন ও পরিকল্পনা, পরিবার ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, সংগ্রামী মনোভাব, রাজনৈতিক নেতাদের প্রতি শ্রদ্ধা, কর্মীদের প্রতি স্নেহ এবং দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। এর পাশাপাশি স্থান পেয়েছে তার ব্যক্তিগত জীবনের বিষয়-আশয়।
এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দরখাস্তসহ বঙ্গবন্ধুর লেখা এবং বঙ্গবন্ধুর কাছে লেখা মোট ৯৫টি চিঠি পাওয়া গেছে। এর মধ্যে ৭৭টি বঙ্গবন্ধুর লেখা এবং ১৮টি বঙ্গবন্ধুকে লেখা বিভিন্ন ব্যক্তির চিঠি। চিঠিগুলো লেখার সময়- ১৯৪৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত। বঙ্গবন্ধু এরমধ্যে কিছু চিঠি বাংলায় এবং কিছু চিঠি ইংরেজিতে নিজ হাতে লিখেছেন। তবে বেশিরভাগ চিঠি ইংরেজিতে টাইপড কপি ও অনুলিপি।
ব্যক্তিগতভাবে তিনি চিঠি লিখেছেন শেখ লুৎফর রহমান, শেখ ফজিলাতুন্নেছা, শেখ হাসিনা, এম এ আজিজ, কাজী ফয়েজ মোহাম্মদ, জহুর আহমদ চৌধুরী, তফাজ্জল হোসেন মানিক মিয়া, তাজউদ্দীন আহমদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রীতিরাণী দাশপুরাকায়স্থ, শামসুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম, আবদুল বারি ও পীর আবুল খায়ের প্রমুখ ব্যক্তির কাছে।
চিঠিগুলোর প্রধান বৈশিষ্ট্য- নাতিদীর্ঘ। খুব কম কথায় তিনি চিঠিগুলো লিখেছেন। এ পর্যন্ত প্রাপ্ত চিঠিগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে, বঙ্গবন্ধু তার বাবাকে মাত্র একটি চিঠি লিখেছেন। আর তার বাবাও তার প্রিয় খোকাকে মাত্র একটি চিঠি লিখেছেন। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা রেণুর কাছে লিখেছেন দুটি চিঠি। আর ছাত্রনেতা খালেক নেওয়াজের মায়ের কাছে ‘আচারগাঁও, ডাক: নান্দাইল, ময়মনসিংহের’ ঠিকানায় লেখা চিঠিতে বঙ্গবন্ধু খালেক নেওয়াজের মাকে ‘আম্মা’ বলে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন।
স্ত্রী রেণুর কাছে লেখা চিঠি দুটিতে তার মা ও বাবার কথা লিখেছেন। তাদের খোঁজ-খবর নিয়েছেন। ৭১ রাধিকা মোহন বসাক লেন থেকে ১১ মে ১৯৫২ সালে রেণুর কাছে লেখা চিঠিতে বঙ্গবন্ধু লিখেছেন, "সকলে ভালো আছ শুনে সুখী হলাম। আমার শরীর এখন অনেকটা ভালো। আমি শীঘ্রই করাচি যাইব। খোদা করলে ঈদের সময় তোমাদের সাথে বাড়ি থাকব। কখনও মন খারাপ করিও না। শরীরের প্রতি যত্ন নিও। খোদা দিন দিবেই। হাচিনা কামালকে বুঝাইয়া রাখিও। হাচুকে বলিও বাড়ি যাবার সময় পুতুল আনব যদি মন দিয়া পড়ে। কামালের কোনো কাজে বাধা দিও না। ওদের কিছু বলিও না। আব্বা মা যাহাতে কষ্ট পায় তাহা করিয়া লাভ কি? মুছা ভাইকে ছালাম দিও। তোমার বোন ছেলেমেয়ে কেমন। বাড়ির সকলকে আমার ছালাম দিও।"
ঢাকা জেল থেকে ১৬ এপ্রিল ১৯৫৯ সালে বঙ্গবন্ধু আরেকটি চিঠিতে তার স্ত্রী রেণুকে লিখেছেন, "আমার ভালোবাসা নিও। ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছ, ছেলেমেয়েদের নিয়ে আস নাই। কারণ তুমি ঈদ করো নাই। ছেলেমেয়েরাও করে নাই। খুবই অন্যায় করেছ। ছেলেমেয়েরা ঈদে একটু আনন্দ করতে চায়। কারণ সকলেই করে। তুমি বুঝতে পার ওরা কত দুঃখ পেয়েছে। আব্বা-মা শুনলে খুবই রাগ করবেন। আগামী দেখার সময় ওদের সকলকে নিয়ে আসিও। কেন যে চিন্তা কর বুঝি না। আমার কবে মুক্তি হবে তার কোনো ঠিক নাই। তোমার একমাত্র কাজ হবে ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো। টাকার দরকার হলে আব্বাকে লিখিও, কিছু কিছু মাসে মাসে দিতে পারবেন। হাচিনাকে মন দিয়ে পড়তে বলিও। কামালের স্বাস্থ্য মোটেই ভালো যাচ্ছে না। ওকে নিয়মিত খেতে বলিও। জামাল যেন মন দিয়ে পড়ে আর ছবি আঁকে। এবার একটা ছবি এঁকে যেন নিয়ে আসে, আমি দেখব। রেহানা খুব দুষ্ট, ওকে কিছু দিন পর স্কুলে দিয়ে দিও জামালের সাথে। যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করিও। একাকী থাকতে একটু কষ্ট প্রথম প্রথম হতো। এখন অভ্যাস হয়ে গেছে, কোনো চিন্তা নাই। বসে বসে বই পড়ি।"
বঙ্গবন্ধুর লেখা আরও দুটি চিঠি পাওয়া যায়, যে চিঠিতে তিনি তার মা-বাবার কথা উল্লেখ করেছেন। পূর্ব পাকিস্তানের ডিআইজি, আইবি বরাবর ১২ জুন ১৯৬৬ সালে ওই চিঠিতে বঙ্গবন্ধু লিখেছেন, "I want to have an immediate interview with my wife Mrs. Fazilatun Nesa, my children Hasina, Kamal, Jamal, Rehana, Rasel and my cousin Mr. Monirul Hoq.
My mother is seriously ill. I am anxious to know her condition. I will be glad if you kindly grant the interview and arrange to inform them in my Dacca Residence, 677 Dhanmondi Residential Area, Road 32, Dacca."
নিচে উল্লিখিত চিঠিটিও তিনি লিখেছেন পূর্ব পাকিস্তানের ডিআইজি, আইবি বরাবর ৪ এপ্রিল ১৯৬৭ সালে। পিতার অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে তার সম্পর্কে জানার জন্য স্ত্রী ফজিলাতুন্নেছা ও পুত্র-কন্যাদের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে বঙ্গবন্ধু লিখেছিলেন, "You know my father is seriously ill, I am very anxious to know his condition. I request a speciall interview with my wife Mrs. Fazilatun Nesa and my children Hasina, Kamal, Jamal and others. I hope you would be kind enough to grant the interview immediately and arrange to inform them in my residence 677 Dhanmondi R/A, Dacca."
বঙ্গবন্ধু তার বাবাকে চিঠি লিখেছেন মাত্র একটি। আর তার বাবাও প্রিয় খোকাকে লিখেছেন একটি চিঠি। নিচে চিঠি দুটি হুবহু উপস্থাপন করা হলো-
রাজনৈতিক বন্দী
ঢাকা জেল
১২/১১/৫৮
আব্বা,
আমার ভক্তিপূর্ণ ছালাম গ্রহণ করবেন ও মাকে দিবেন। মা এবার খুব কষ্ট পেয়েছিল, কারণ এবার তাঁর সামনেই আমাকে গ্রেপ্তার করেছিল! দোয়া করবেন মিথ্যা মামলায় আমার কিছুই করতে পারবে না। আমাকে ডাকাতি মামলার আসামীও একবার করেছিল। আল্লা আছে, সত্যের জয় হবেই। আপনি জানেন আমার কিছুই নাই। দয়া করে ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখবেন। বাড়ি যেতে বলে দিতাম। কিন্তু ওদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে।
আমাকে আবার রাজবন্দী করেছে, দরকার ছিল না। কারণ রাজনীতি আর নাই, এবং রাজনীতি আর করবো না। সরকার অনুমতি দিলেও আর করব না। যে দেশের মানুষ বিশ্বাস করতে পারে যে আমি ঘুষ খেতে পারি সে দেশে কোন কাজই করা উচিত না। এদেশে ত্যাগ ও সাধনার কোন দামই নাই। যদি কোনদিন জেল হতে বের হতে পারি তবে কোন কিছু একটা করে ছেলেমেয়ে ও আপনাদের নিয়ে ভালভাবে সংসার করব। নিজেও কষ্ট করেছি আপনাদেরও দিয়েছি। বাড়ির সকলকে আমার ছালাম দিবেন, দোয়া করতে বলবেন। আপনার ও মায়ের শরীরের প্রতি যত্ন নিবেন। চিন্তা করে মন খারাপ করবেন না। মাকে কাঁদতে নিষেধ করবেন। আমি ভাল আছি।
আপনার স্নেহের
মুজিব
নোট: গোপালগঞ্জের বাসাটী ভাড়া দিয়া দিবেন, বাসার আর দরকার হবে না।
মুজিব
৩১ মার্চ ১৯৬২ সালে শেখ লুৎফর রহমান ফরিদপুরের টুঙ্গিপাড়া থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকানায় বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি চিঠি লিখেছিলেন। বাজেয়াপ্ত ওই চিঠিটি হুবহু তুলে দেওয়া হলো-
বাবা খোকা
শুরুতেই দোয়া জানিবা। তোমার ২৯/৪/৬২ তারিখের চিঠি একমাস পরে পাইলাম। ঢাকা হইতে ছোট বউ চিঠি লিখিয়াছিল যে, তুমি শীঘ্রই মুক্তি পাইবে এবং কয়েক দিন পরেই সকলকে লইয়া আমাদের দেখিতে আসিবে। কিন্তু আজ ২০/২৫ দিন হইয়াছে আর কোনও সংবাদ পাইতেছি না। “খোদা তায়ালা বলিয়াছেন তাহার বান্দাকে যে নির্যাতন করিবে আমি তাহাকে নির্যাতন করিব।” ইহা পূর্ব্বাপর ঘটনা হইতে সকলেই জানিতেছে এবং দুনিয়ার ইতিহাসও তাহা স্বাক্ষ্য দিতেছে। বেশী দিন হয় নাই তুমি নিজেও দেখিতে পাইয়াছ। তোমাকে আটক করিয়া রাখার অর্থ হইতেছে আমাদের মতন বৃদ্ধ পিতা মাতার, নাবালক ছেলে-মেয়েদের এবং স্ত্রীর উপর অত্যাচার করা। আমরা উপায়হীন সহ্য করিতে বাধ্য কিন্তু খোদা তায়ালা নিশ্চয়ই সহ্য করিবেন না। চিন্তা করিবা না সব কিছু খোদা তায়ালার উপর নির্ভর। তিনি যাহা করেন মানুষের মঙ্গলের জন্যেই করেন। সত্যের জয় হইবেই। নানা রূপ মিথ্যা মোকদ্দমা চাপাইয়া তাহাতে কোনও ফল না পাইয়া তোমার সততার ছাফাই পাইয়াছে তাহা সত্ত্বেও তুমি কিছু না করিলেও তোমাকে কেন যে আটকাইয়া রাখিতে হইবে তাহাই বুঝিতে পারিতেছি না। শুনিয়াছিলাম তোমাকেই সর্ব্বাগ্রে মুক্তি দিবে কিন্তু এখনও তাহার কোনও সম্ভাবনা দেখিতেছি না। দেশবাসী প্রায় সকলেই সরকার গোচরে সকল প্রকার রাজ বন্দীদের এবং ছাত্রদের মুক্তির প্রার্থনা দিয়াছে। মনে হয় শীঘ্রই তোমাদের মুক্তি দিবে...। ঢাকার সকলে ভালো আছে। মীরার মার হাঁফানী উঠিয়াছিল, সেটা গোপালগঞ্জে শুনিলাম যে একটু ভাল হইয়াছে। আমরা বাড়ীর সকলেই ভাল আছি। তোমার মেজ বুজির শরীর খুবই খারাপ। সব সময় দোয়া করিতেছি এবং খোদার দরগায় প্রার্থনা যে তিনি তোমাদের মঙ্গল করুন। ৮০ বৎসর বয়সের বৃদ্ধ ব্যক্তির পক্ষে এখন লেখা খুবই কঠিন। তাই খুব ধীরে লিখিতে হয় এবং লিখিতে একটু দেরী হয়।
তোমার
আব্বা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন মৌলিক ও মানবিক। একটি মহাকাব্যিক জীবন। তার লেখা অনেক চিঠি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করেছে। কিন্তু তাতে তার রাজনৈতিক প্রজ্ঞা, মানুষের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতিতে ঘাটতি হয়নি। বরং তার বক্তব্য, বাণী ও আদর্শ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তের মানুষের মন ও মননে।
তথ্যসূত্র
১. নাজমুল হোসেন (সম্পাদনা), ৩০৫৩ দিন, জার্নি মাল্টিমিডিয়া, ঢাকা, ২০১৮
২. সত্যজিৎ রায় মজুমদার, বঙ্গবন্ধুর চিঠিপত্র, তাম্রলিপি, ঢাকা, ২০২০
৩. সুনীল কান্তি দে, বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠি, অঙ্কুর প্রকাশনী, ঢাকা, ২০১০
৪. সুনীল কান্তি দে, বঙ্গবন্ধুর দৈনন্দিন জীবন ও তাঁর অনুসারীগণ, পাঠক সমাবেশ, ঢাকা, ২০২১
