ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ ও তার পাঁচটি কবিতা
গোটা আরবি সাহিত্যে অন্যতম বরেণ্য কবি, তাকে বলা হয় ‘ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক’।
মাহমুদ দারবিশ (১৯৪১ - ২০০৮) একজন ফিলিস্তিনি কবি। গোটা আরবি সাহিত্যে অন্যতম বরেণ্য লেখক, তাকে বলা হয় ‘ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক’। দারবিশ ফিলিস্তিনের গ্যালেলির আল-বিরওয়াতে জন্মগ্রহণ করেন, গ্রামটি ইসরায়েলি সেনাবাহিনী দখল এবং পরে ধ্বংস করে। কিন্তু ইসরায়েলি সরকারি আদমশুমারির গোনায় না আসায় দারবিশ ও তার পরিবার ‘অভ্যন্তরীণ উদ্বাস্তু’ হয়ে পড়ে।
এই স্থানচ্যুতি এবং ফিলিস্তিনের জনগণের পরবর্তী সংগ্রাম দারবিশের কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হয়ে ওঠে। তার কবিতার স্পষ্ট হয়ে ওঠে পরিচয়, ক্ষতি, নির্বাসন, ন্যায়বিচার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা। দারবিশ বৈরুত ও প্যারিসে বহু বছর নির্বাসিত জীবনযাপন করেন। তিনি ৩০টিরও বেশি কবিতার বই এবং ৮টি গদ্যের বইয়ের লেখক। তিনি ল্যানান ফাউন্ডেশন থেকে ল্যানান কালচারাল ফ্রিডম প্রাইজ, লেনিন পিস প্রাইজ এবং ফ্রান্স থেকে নাইট অফ আর্টস এবং বেল লেটার্স মেডেল পান।
দারবিশের সাহিত্যযাত্রা শুরু হয় ১৯৬০ এর দশকে। সেবছর কবিতা আবৃত্তি এবং অনুমতি ছাড়া গ্রামের মধ্যে ঘোরাঘুরির জন্য কারারুদ্ধ হন তিনি। তাকে বলা হয় ‘প্রতিরোধের কবি’, তার কবিতা ‘পরিচয়পত্র’ (আইডেনটিটি কার্ড) প্রতিবাদী গানে পরিণত হলে তাকে গৃহবন্দী করা হয়। ১৯৭০ সালে মস্কোর একটি বিশ্ববিদ্যালয়ে এক বছর কাটানোর পর দারবিশ কায়রোর ‘আল-আহরাম’ পত্রিকায় কাজ শুরু করেন।
পরে তিনি বৈরুতে বসবাস শুরু করেন, ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ‘প্যালেস্টাইন অ্যাফেয়ার্স’ পত্রিকা সম্পাদনা করেন। ১৯৮১ সালে তিনি ‘আল-কারমেল’ পত্রিকা প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন। দারবিশ ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (আইএলও) নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেন।
ইসরায়েল ও ফিলিস্তিনে বন্ধু-পরিবারের সঙ্গে দেখা করার জন্য ১৯৯৬ সালে তাকে নির্বাসন থেকে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। মাহমুদ দারবিশের লেখায় রয়েছে জন্মভূমি দখলের বিরুদ্ধে তার প্রতিবাদের ছাপ। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য বাটারফ্লাই’জ বার্ডেন’, ‘মেমোরি ফর ফরগেটফুলনেস’, ‘ইন দ্য প্রেজেন্স অফ অ্যাবসেন্স’, ‘দ্য রিভার ডাইজ অফ থার্স্ট’, ‘জার্নাল অফ এন অর্ডিনারি গ্রিফ’ এবং ‘ভিকটিমস অফ অ্যা ম্যাপ’ ইত্যাদি। তার কবিতা তাকে জাতীয় সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেয়। মানচিত্রের চেয়েও দীর্ঘ হয়ে ওঠে তার কবিত্ব।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে মারা যান এ কবি। মূল আরবি থেকে পাঁচজন ভিন্ন ভিন্ন অনুবাদকের করা তার পাঁচটি ইংরেজি কবিতা এখানে বাংলায় অনূদিত হলো-
অন্যদের কথাও ভাবো
তুমি যখন তোমার সকালের নাস্তা বানাও —অন্যদের কথাও ভাবো
কবুতরগুলোকে খাওয়াতে ভুলো না।
তুমি যখন যুদ্ধের প্রস্তুতি নাও —অন্যদের কথাও ভাবো
যারা শান্তি চায় তাদের ভুলে যেয়ো না।
তুমি যখন পানির বিল দিতে যাও —অন্যদের কথাও ভাবো
যাদের পান করার জন্য মেঘ-বৃষ্টি ছাড়া আর উপায় নেই।
তুমি যখন ঘরে ফেরো, তোমার নিজের ঘরে —অন্যদের কথাও ভাবো
যারা ফুটপাতে থাকে তাদের ভুলে যেয়ো না।
তুমি যখন ঘুমাতে যাও আর আকাশের তারা গোনো —অন্যদের কথাও ভাবো
এমন মানুষ তো রয়েছে যাদের ঘুমানোর জায়গা নেই।
তুমি যখন মুক্তমনে আনন্দে পথ চলো —অন্যদের কথাও ভাবো
যারা তাদের কথা বলার অধিকারটুকুও হারিয়েছে।
তুমি যখন সবাইকে নিয়ে এতো চিন্তা করো —নিজের কথাও একটু ভাবো
বলো, ‘আমি যদি অন্ধকারে একটি মোমবাতি হতাম!’
জর্ডান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহীনের ইংরেজি অনুবাদে দারবিশের ‘অ্যালমন্ড ব্লোজমস অ্যান্ড বিয়ন্ড’ কবিতাবই থেকে অনূদিত।
আমার মায়ের প্রতি
আমার মায়ের হাতে বানানো রুটির জন্য, কফির জন্য
আর মায়ের হাতের স্পর্শ পেতে আমার মন আকুল হয়ে ওঠে
শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়ে আমার
দিনের পর দিন
তাই জীবনকে ভালোবাসি আমি
কারণ আমি মরে গেলে মায়ের কান্না আমার সহ্য হবে না।
যদি কোনদিন ফিরে আসি, আমাকে গ্রহণ করো
তোমার চোখের পাপড়ি করে।
আমার হাড়গুলো ঘাসে ঢেকে দিও
তোমার নিষ্পাপ পা পড়েছে যে পুণ্যের দেশে।
আমাকে বেঁধে রেখো তোমার চুলের বেণিতে,
অথবা জামার ঝুলে পড়া ফিতায় জড়িয়ে রেখো।
আমি নিজেই ঈশ্বর হয়ে ওঠি, যদি তোমার হৃদয়ের অতল ছুঁই।
যদি কখনো ফিরে আসি, আমাকে গ্রহণ করো
তোমার চুলোর লাকড়ি হিসেবে
কিংবা ছাদে কাপড়ের সারি বানিও
তোমার প্রতিদিনের মিনতি ছাড়া আমি যে দুর্বল
আর দাঁড়াতে পারছি না।
বয়স বাড়ছে,
আমাকে ফিরিয়ে দাও শৈশবের তারাগুলো
যেন আমি বাড়ির ঠিকানা খুঁজে পাই
তোমার কাছে ফিরে আসি পরিযায়ী পাখিদের সাথে ওড়ে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ মাসেদের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনূদিত।
বাবা, আমি-ই ইউসুফ
বাবা, আমি-ই তোমার ইউসুফ
বাবা, ভাইয়েরা আমাকে ভালোবাসে না,
আমাকে চায় না।
তারা আমাকে লাঞ্ছিত করে, পাথর ছুড়ে — অপমান করে।
তারা আমার মৃত্য চায় তাই প্রশংসা করে।
ওরা তোমার বাড়ির দরজা আটকে রেখে
আমাকে বাইরে রেখে গেছে।
ফসলের মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে।
আমার আঙুরক্ষেতে বিষ মিশিয়ে দিয়েছে।
ওরা আমার খেলাঘর তছনছ করেছে — ও বাবা!
মৃদু বাতাস যখন আমার চুল ছুঁয়ে যায়
ওরা হিংসা করে
আমার ও তোমার বিরুদ্ধে ক্ষোভের জ্বলে
বাবা, আমি ওদের কী ক্ষতি করেছি?
প্রজাপতিরা আমার কাঁধে বসে,
গমের গুচ্ছ আমাকে দেখে দোলে
আর পাখিরা আমার হাতের তালুতে বিশ্রাম নেয়।
আমি কী এমন করেছি, বাবা?
আর বারবার আমাকেই কেন?
তুমি আমার নাম রেখেছো ইউসুফ,
তারা আমাকে কুয়োয় ফেলেছিল
আর দোষ দিয়েছিল নেকড়ের,
কিন্তু নেকড়েও আমার ভাইদের চেয়ে দয়ালু।
ও বাবা! আমি কি কখনো কারো প্রতি অন্যায় করেছি,
যখন আমি বলেছিলাম:
‘আমি এগারোটি নক্ষত্র, সূর্য ও চাঁদ দেখেছি,
তারা আমার সামনে নত হয়ে আছে?’
সান দিয়েগো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মানাল সোয়েরজোর ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনূদিত। লেবানিজ শিল্পী মার্সেল খলিফার সুরে এ কবিতাটি গান হিসেবে বেশ জনপ্রিয়।
আমাকে আবার জন্ম দাও
আমাকে আবার জন্ম দাও
যাতে আমি জানতে পারি কোন দেশে আমি মরব,
কোন দেশে আমি আবার জীবন ফিরে পাবো।
তুমি যেমন সকালের আগুন জ্বালাও
তেমনি তোমার জীবনে শান্তি আসুক,
তোমার জীবনে শান্তি আসুক, তোমার জীবনে শান্তি আসুক।
আমার কি সময় হয়নি তোমাকে কিছু উপহার দেওয়ার
তোমার কাছে ফিরে আসার!
তোমার চুল কি এখনও আমাদের বছরের চেয়ে দীর্ঘ
মেঘের গাছের চেয়েও দীর্ঘ?
তোমার কাছে আকাশ প্রসারিত করে যাতে তারা বাঁচতে পারে?
আমাকে আবার জন্ম দাও
যাতে আমি তোমার কাছ থেকে জন্মভূমির দুধ পান করতে পারি
তোমার কোলে ছোট্ট শিশু হয়ে থাকতে পারি, ছোট্ট শিশু হয়ে...
চিরতরে। অনেক কিছু দেখেছি মা, দেখেছি...
জন্ম দাও আমাকে আবার,
যাতে আমি তোমার হাতের মমতায় থাকতে পারি।
যখন আমার প্রতি ভালোবাসা অনুভব কর, তখন কি গান গাও?
শুধু শুধু কাঁদো?
মা, আমার হাত নষ্ট হয়ে গেছে মরীচিকায়
আমি বালিকে আলিঙ্গন করি, ছায়াকে আলিঙ্গন করি
তবু কি তোমার কাছে কিংবা নিজের কাছে ফিরে আসতে পারি?
তোমার মায়েরও মা আছে, বাগানের ডুমুর গাছে মেঘ আছে।
আমাকে একা রেখে চলে যেও না,
তোমার হাত দুটো দাও
আমার হৃদয় স্পর্শ করে রাখি,
আমি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায়, মা!
আমি সবকিছুর অপেক্ষায় আছি। নিজের অপেক্ষায় আছি...
তোমার অপেক্ষায় আছি, আমার মা।
ইয়েমেনের কবি ও গল্পকার আবদুল্লাহ আল আধারির ইংরেজি অনুবাদে দারবিশের ‘ভিকটিমস অফ অ্যা ম্যাপ’ কবিতাবই থেকে বাংলায় অনূদিত।
চলো আবার শিশু হয়ে যাই
চলো আবার শিশু হয়ে যাই,
আমাকে কবিতা লিখতে শেখাও
আমাকে সমুদ্রের ছন্দ শেখাও।
চলো ফিরে যাই শৈশবের নির্দোষ শব্দমালায়
আমাকে গমের দানা থেকে জন্ম দাও, ক্ষত থেকে নয়।
আমাকে জন্ম দাও
এবং অর্থ সৃষ্টির আগের সেই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও
যাতে আমি তোমাকে ঘাসে জড়িয়ে ধরতে পারি।
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অর্থ সৃষ্টির আগের একটি পৃথিবী।
লম্বা গাছগুলো আমাদের সঙ্গে গাছের মতো হেঁটেছিল, অর্থহীন।
নগ্ন চাঁদ আমাদের সঙ্গে হামাগুড়ি দিয়েছিল,
অর্থপূর্ণ একটি চাঁদ, তবে তা রূপার থালা নয়।
চলো আবার শিশু হয়ে যাই, আমাকে কবিতা শেখাও
আমাকে সমুদ্রের ছন্দ শেখাও।
আমার হাত ধরো, যাতে আমরা রাত এবং দিনের মধ্যে
এই সীমানা পেরিয়ে যেতে পারি।
আমরা একসঙ্গে জীবনের প্রথম শব্দটা শিখব
চড়ুইয়ের জন্য একটি গোপন বাসা তৈরি করব
তারপর আমাদের তৃতীয় ভাই/বোনের অপেক্ষায় থাকবো।
চলো আবার শিশু হয়ে যাই,
যাতে তোমার আয়নায় আমার মুখ দেখতে পারি।
তুমি কি আমি? আমি কি তুমি?
আমাকে কবিতা শেখাও,
যাতে আমি এখনই তোমাকে শোকগাথা শোনাতে পারি।
ঠিক যেমন তুমি আমাকে শোকগাথা শোনাও!
ইরাকের কবি ও ঔপন্যাসিক সিনান অ্যান্থোনের ইংরেজি অনুবাদে দারবিশের ‘ইন দ্য প্রেজেন্স অফ অ্যাবসেন্স’ গদ্যের বই থেকে কবিতা রূপে অনূদিত। এটি দারবিশের লেখা সর্বশেষ বই।
