স্বপ্ন পূরণের সারথি
প্রত্যেক গ্র্যাজুয়েটের স্বপ্ন থাকে ক্যাম্পাসে বাবা-মাকে সঙ্গে নিয়ে শিক্ষা সমাপনীর এ বিশেষ দিনটি উদযাপন করা।
একজন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের সমাপ্তিতে যেদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, সে দিনটি ‘সমাবর্তন’ নামে পরিচিত। দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর থাকে হাজারও স্বপ্ন।
শিক্ষাজীবন শেষে একটি কালো রঙের গাউন ও চারকোনা ক্যাপ যেন প্রত্যেক গ্র্যাজুয়েটের শত প্রতীক্ষার ফল। যে প্রতীক্ষার শেষ হয় সমাবর্তনের মাধ্যমে। ছোটবেলা থেকে লালিত স্বপ্ন যেন বাস্তবে রূপ পায় এইদিন। স্বপ্ন যেন ধরা দেয় বাস্তব রূপে। আর সেই স্বপ্ন পূরণের সারথিদের নিয়ে সমাবর্তন উদযাপন করা যেন আমার আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছিলো।
প্রত্যেক গ্র্যাজুয়েটের স্বপ্ন থাকে ক্যাম্পাসে বাবা-মাকে সঙ্গে নিয়ে শিক্ষা সমাপনীর এ বিশেষ দিনটি উদযাপন করা। আমার স্বপ্নও কোনো অংশে কম ছিলো না, ছিলো না আয়োজনের কোনো ঘাটতি। ১৬ নভেম্বর টুপি আর গাউন নেওয়ার দিনই নিজ জেলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছেন বাবা-মা। প্রথম দিন তাদের সঙ্গে খোশগল্পের মধ্যে কেটে যায় সময়টা।
পরিকল্পনা অনুযায়ী পরদিন সকাল থেকে শুরু হয় মুঠোফোনে ক্লিকের মাধ্যমে স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করা। ক্যাম্পাসের বিভিন্ন স্মৃতিময় জায়গায় বাবা-মাকে নিয়ে ঘোরার আবেগ রূপ নিয়েছিলো উচ্ছ্বাস আর আনন্দে। ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের পুরোটা সময় কেটেছে যেখানে- প্রিয় রোকেয়া হলসহ ভিসি চত্ত্বর, সিনেট ভবন, কলাভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, রাজু ভাস্কর্য, টিএসসি, শহীদ মিনার, মোকাররম ভবন, কার্জন হল এবং সবচেয়ে প্রিয় ও শান্তির জায়গা প্রাণিবিদ্যা বিভাগে ঘুরেছি বাবা-মাকে নিয়ে।
আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছিলো- আমার ছোট বোন আইরিন আক্তার, ইসলামী শিক্ষা বিভাগের আমেনা আক্তার নিশি আপু, আরবি বিভাগের ফেরদৌস খান, জাপানিজ স্টাডিজ বিভাগের তামান্না আক্তার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবু মুছা। সবার সঙ্গে আনন্দ ভাগ করার অনুভূতি ছিলো সত্যি অন্যরকম।
তবে আমার বড় আপু পাপিয়া আখতার এবং মেজো আপু দিপা আখতারের উপস্থিতি ভীষণ মিস করেছি। কারণ, এ পর্যন্ত আসার পেছনে বাবা-মায়ের পর যাদের অবদান সবচেয়ে বেশি তাদেরকে এ বিশেষ দিনে কাছে পেলে আনন্দের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যেতো।
এবার ৫৩তম সমাবর্তনে ৩ হাজার ৬৪৮ জন গ্র্যাজুয়েট এবং গবেষক অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক জ্যাঁ তিরোল।
সবকিছু দেখার পর একটা সময় বাবা-মা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। মেয়ের শিক্ষা সমাপনীর এ বিশেষ অনুষ্ঠানে আসতে পেরে নিজেদের গর্বিত মনে করেন তারা। বাবা বলেন, “সবসময় এ অনুষ্ঠান টিভিতে দেখেছি, কিন্তু আজ মেয়ের সুবাদে সরাসরি অংশগ্রহণ করতে পারলাম। মহান আল্লাহর কাছে শোকরিয়া জানাই এবং জীবনের পরবর্তী অধ্যায়ের পথচলা যেন সুন্দর ও মসৃণ হয় সেই প্রার্থনা করি।”
প্রিয় ক্যাম্পাসে দাঁড়িয়ে সমাবর্তনের টুপি বাবা-মাকে পরিয়ে দিয়ে এ দু'জন মানুষের অকুণ্ঠ সমর্থন ও পরিশ্রমে এত দূর আসা, যেন এভাবেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানালাম। সব মিলিয়ে দারুণ উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের সারথিদের নিয়ে শেষ হলো আমার সমাবর্তন উদযাপন।
লেখক: সদ্য সাবেক শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!
