বাবা তুমি বলেছিলে
বাবা তুমি বলেছিলে, তোমার একটা গ্রাম ছিল
স্বপ্নমাখা সেই সে গ্রামের কী যেন এক নাম ছিল!
দখিন পাশে ঢেউ জাগানো মস্ত একটা বিল ছিল
সেই সে বিলে সারস, ডাহুক, মাছরাঙ্গা আর চিল ছিল।
বাবা তুমি বলেছিলে, তোমার একটা ঘর ছিল
ঘরের চালে টিনের বদল সোনা রঙের খড় ছিল
খড়ের চালে একটি ঘুঘু দুঃখী গলায় ডাকছিল
পাশেই একটি কাঠবেড়ালি রোদের গুড়ো মাখছিল।
বাবা তুমি বলেছিলে, তোমার অনেক হাঁস ছিল
চালার পাশে খড়ের গাদায় ওদের নাকি বাস ছিল
সকাল হলেই ছুটোছুটি প্যাক-প্যাকা-প্যাক ডাক ছিল
ঝোপের দিকে উঁকিঝুঁকি বনশেয়ালের হাঁক ছিল।
তোমার বাড়ির পেছন দিকে তাল-তমালের গাছ ছিল
সেসব গাছে পাখপাখালির গানের সুরে নাচ ছিল।
পদ্মপুকুর নামে একটা বিশাল জলাশয় ছিল
তার এক পাড়ে পোড়োবাড়ি-- রাতে ভূতের ভয় ছিল।
বাবা, আমায় যাও না নিয়ে সেই সে সবুজ গ্রামে?
মন বলে সেই গ্রামে আজও রৌদ্র-সকাল নামে।
