২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিশাচর প্রাণী

বেশিরভাগ প্রাণী দিনে সজাগ থাকে, রাতে বিশ্রাম নেয়, ঘুমায়। কিন্তু এমন কিছু প্রাণী আছে, যাদের দিনের বেলা তেমন দেখা যায় না। তাদের সব কাজ রাতের অন্ধকারে। রাতেই তারা ঘুরে বেড়ায়,  শিকারের সন্ধান করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তাজনীন সুলতানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:16 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

দিনের বেশির ভাগ সময় এরা বিশ্রাম নেয়। রাতে বিচরণ করে বলেই এইসব প্রাণীদের বলে নিশাচর প্রাণী। অন্ধকারে স্বচ্ছন্দে চলাফেরার জন্য এদের ইন্দ্রিয়গুলো খুব সজাগ তীক্ষ্ম হয়। এদের কান ও চোখের ক্ষমতা বেশি। ঘ্রাণশক্তিও প্রবল। নিশাচর প্রাণীদের মধ্যে রয়েছে পেঁচা, বাদুর, সজারু, শেয়াল, ইঁদুর, লেমুর জাতীয় প্রাণী (আই আই), উড়ন্ত কাঠবিড়ালি, কোয়ালা, রেকুন, ব্যাজার ইত্যাদি। কুকুর, বিড়াল, বাঘ, হরিণ ইত্যাদি প্রাণী প্রয়োজনমতো দিনে বা রাতে জেগে থাকতে পারে। 

পেঁচা

পেঁচা নিশাচর পাখি। এরা সাধারণত গাছের খোঁড়লে, পাহাড়ের গুহায় বাস করে। রাতে শিকার ধরতে বের হয়। এরা ইঁদুর, ব্যাং, পোকামাকড় ইত্যাদি প্রাণী শিকার করে খায়। কাছের জিনিস খুব ভালোভাবে দেখতে না পেলেও এদের ঠোঁট ও নখের কাছে যে বিশেষ ধরনের পালক আছে তা দিয়ে কী শিকার করল তা বুঝতে পারে। পেঁচার শ্রবণশক্তি খুব প্রখর। ইঁদুরের শস্যদানা চিবানোর শব্দও সে শুনতে পায় এবং তা অনুসরণ করে শিকার ধরতে পারে। 

বাদুর

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র বাদুরই উড়তে পারে। দিনের বেলায় অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকে। এরা সাধারণত গুহার দেয়ালে থাকে। রাতে খাবারের সন্ধানে বের হয়। বেশিরভাগ বাদুর ফলমূল খায়। তবে এদের ছোট ছোট পোকামাকড় ধরেও খেতে দেখা যায়। বাদুর চোখে ভালো দেখে না। তাই চলাফেরার জন্য সে শ্রবণশক্তিকে কাজে লাগায়। উড়ে চলার সময় এরা উচ্চ কম্পাঙ্কের শব্দ করে, যা মানুষের শ্রবণসীমার চাইতে বেশি। সেই শব্দ যখন বাধা পেয়ে ফিরে আসে, তখন ঘুটঘুটে অন্ধকারেও বাদুর বুঝতে পারে সামনে কী আছে, তার আকার কেমন এবং তার শিকার কতদূরে রয়েছে ইত্যাদি।     

শেয়াল

সাধারণত শেয়াল দিনে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। রাতের প্রথমভাগেই সাধারণত তারা শিকারে বের হয়। পাখি, মুরগি, হাঁস, ছোট ছোট প্রাণী, কীটপতঙ্গ, ফলমূল ইত্যাদি খায়। বনেজঙ্গল যেমন তাদের দেখা যায় তেমনি লোকালয়েও দেখা যায়।

ইঁদুর

ইঁদুরের দৃষ্টিশক্তি খুব প্রখর এবং ঘ্রাণশক্তিও প্রবল। এ কারণেই অন্ধকারে খাবারের সন্ধান করতে তাদের বেগ পেতে হয় না। এ ছাড়া রাতে শত্রুর আক্রমণের আশংকাও কম থাকে।

সজারু

সজারুর পিঠে ছোট ছোট কাঁটা আছে। ভয় পেলে নিজেকে বলের মতো গুটিয়ে নেয়। ছোট ছোট কীটপতঙ্গ, শামুক, ব্যাঙ, পাখির ডিম, ব্যাঙের ছাতা, ঘাসের বীজ ইত্যাদি খায়। এরা চোখে ভালো দেখতে পায় না কিন্তু ভালো শুনতে পারে। শিকার ধরার সময় নাক দিয়ে বিশেষ ধরনের শব্দ করে।

রাতজাগার সুফল

শিকার ধরার ক্ষেত্রে তাদের প্রতিযোগী কম থাকে। যেহেতু রাতে অন্যরা বিশ্রাম নেয়, কাজেই তাদের শত্রুও কম। 

চিড়িয়াখানার নিশাচর প্রাণী

নিশাচর প্রাণীদের চিড়িয়াখানাকে বলে নাইট সাফারি। এই চিড়িয়াখানায় নিশাচর প্রাণীদের বিশেষ ব্যবস্থায় রাখা হয়। তাদের খাঁচা দিনের বেলা অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয়। রাত হয়েছে এই ভেবে তারা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে। দর্শক তাদের নিশাচর জীবনের নানা ঘটনা দেখতে পায়। ১৯৯৪ সালে সিঙ্গাপুরে প্রথম এই ধরনের চিড়িয়াখানা উদ্বোধন করা হয়।

মরুভূমির নিশাচরপ্রাণী

মরু এলাকায় বসবাসকারী বেশিরভাগ প্রাণীই নিশাচর। সেখানে এসব প্রাণীরা গর্তে থাকে। দিনের বেলায় এখানে প্রচণ্ড গরম পড়ে। এ সময় মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই আরাদায়ক। এ জন্যই দিনের বেলা প্রাণীরা গর্তে ঘুমিয়ে কাটায়। রাতে চারদিক ঠান্ডা হলে তারা গর্তের বাইরে বেরিয়ে আসে এবং খাবারের সন্ধানে বের হয়।