২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমার জন্য সোনার বাংলা

১ জানুয়ারি কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফের ৫০তম জন্মদিন। তার জন্মদিনে সারাদেশের শিশুদের পক্ষ থেকে কিডজের শুভেচ্ছা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 05:57 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

তুমি--

বাজাও যখন খঞ্জনি-ঝুমঝুমি,

তোমার সঙ্গে খেলা করে কল্পনা আর গান--

হাওয়ায় ভাসে রঙিন ঘুড়ি, নদীতে সাম্পান।

তোমার ছাদে সাঁতার কাটে চাঁদ--

নিখাদ আলোয় তারার মেলা, আনন্দ আহ্লাদ!

চাঁদের আলো বাঁধনহারা, বিছিয়ে রাখে জাল--

রূপকথারই স্বপ্নরংয়ে রাত্রি টালমাটাল।

তুমি তখন ভাঙতে থাক রূপ-অরূপের সিঁড়ি

সুরের মায়ায় দূরের হাওয়া বইছে ঝিরিঝিরি।

সিঁড়ির পরে সিঁড়ি ভেঙে মেঘ ছুঁতে চাও? যাও--

গামছাতে মেঘ ছেঁকে নিয়ে বৃষ্টিকে পাকড়াও।

টাপুরটুপুর বৃষ্টিজলে

চতুর্দিকে কৌতূহলে

রূপকথারা জেগে ওঠে, চুপ থাকে না কেউ--

ফুলের গন্ধে আকুল এ মন, ছন্দে আনে ঢেউ।

তুমি--

বাজাও যখন খঞ্জনি-ঝুমঝুমি--

উকুস-টুকুস জোছনা জলে ছাপিয়ে দুষ্টুমি

মেতে ওঠে সবুজ-শ্যামল প্রিয় মাতৃভূমি।

তোমার জন্য বিশাল আকাশ, তোমার জন্য ছায়া,

তোমার জন্য ভালোবাসা, তোমার জন্য মায়া।

তোমার জন্য মন আনচান, সুখ-অফুরান হাসি,

তোমার জন্য সোনার বাংলা, স্বপ্ন রাশিরাশি।