২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূতেদের দিন হ্যালোইন

যত ভূত-প্রেত আছে, সবাই নাকি এ রাতে চলে আসে লোকালয়ে। আর সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় হ্যালোইন উৎসব। অক্টোবর মাসের শেষ দিনে এই হ্যালোইন পালন করা হয়।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 06:37 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

এই হ্যালোইন পালন করা নিয়ে ইউরোপ-আমেরিকায় মাতামাতির শেষ নেই। রাতটি উদযাপন করতে সেখানে প্রস্তুতি চলে মাসজুড়েই।

তারপর হ্যালোইনের রাত নামার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদযাপন। দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গেই ছোট ছেলেমেয়েরা দলবেঁধে বেরিয়ে পড়ে। সবার গায়ে থাকে রাজ্যের অদ্ভুতুড়ে কস্টিউম। আর হাতে থাকে টর্চ। বাসায় বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ে-- ‘ট্রিক অর ট্রিট’। হয় তোমাকে নিয়ে কোনো ‘ট্রিক’ করা হবে, অথবা ‘ট্রিট’ দাও!

কেউই অবশ্য ট্রিক করতে দেয় না। সবাই ট্রিট দিয়ে দেয়-- চকলেট। আর সেই চকলেট নেওয়ার জন্য ছোট ছেলেমেয়েরা সবাই ব্যাগ নিয়ে বের হয়।

অনেকে আবার বাড়ির উঠোনটাকে ভৌতিকই বানিয়ে ফেলে। কেউ মাকড়সার জাল বানিয়ে তাতে টাঙিয়ে দেয় কঙ্কাল। আর মিষ্টি কুমড়ো দিয়ে ভূত বানানো তো খুবই জনপ্রিয়। বড় বড় মিষ্টি কুমড়োর ভেতরটা ভালো করে পরিষ্কার করা হয়। তারপর কুমড়োর খোলের গায়ে বানানো হয় চোখ-মুখ। আর ভেতরে জ্বালিয়ে দেওয়া হ্য় বাতি। ছোটদের এবার এই ভৌতিক উঠোন পেরিয়ে যেতে হবে ট্রিট নিতে।

হ্যালোইনের রাত সবাই শুধু ট্রিক অর ট্রিটেই কাটিয়ে দেয় না। অনেকে আবার চলে যায় কোনো ভৌতিক স্থানে ঘুরতে। অনেকে বনে আগুন জ্বালিয়ে পার্টি করে রাত পার করে দেয়। কেউ কেউ আবার ভূতের সিনেমা দেখেই উদযাপন করে হ্যালোইন।

হ্যালোইন পালিত হয়ে আসছে শত শত বছর ধরে। প্রথম প্রথম অবশ্য ভূত-প্রেতরা হ্যালোইনের মুখ্য উদ্দেশ্য ছিল না। উৎসবটি পালিত হত মূলত নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে। সে উপলক্ষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতেই হ্যালোইন পালন করা হত। আর কী অবাক কাণ্ড, পরে কিনা সেই উৎসবেই মুখ্য হয়ে উঠল ভূত-প্রেত!

হ্যালোইনের উৎস খুঁজতে খুঁজতে চলে যেতে হয় সেই প্রাচীন রোমান সভ্যতায়। রোমে নতুন ফসল ঘরে তোলার উৎসবের নাম ছিল ‘সাহেইন’। পরে এই সাহেইন ইউরোপের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। তখন যেটা হওয়ার কথা, উৎসবটিতে নানা পরিবর্তন আসতে থাকে।

যুক্তরাজ্যের প্রাচীন অধিবাসীদের, মানে ব্রিটন-আইরিশ-ওয়েলশরা বিশ্বাস করত, বছরের শেষ দিন জগতের সব নিয়মকানুন স্থগিত হয়ে যায়। আর তখন মৃত্যুর দেবতা সব মৃত আত্মাদের অনুমতি দেয় জীবিতদের জগতে আসার। তখন বছরের শেষ দিন ছিল ৩১ অক্টোবর। আর ওদের মৃত্যুর দেবতার নাম ছিল ‘সাহেইন’।

আবার স্কটিশ ও আইরিশদের আরেকটি বিশ্বাস ছিল, মৃতরা ছোট ছোট পাহাড়ে পরিদের সঙ্গে থাকে। আর বছর শেষের রাতে, মানে ৩১ অক্টোবর রাতে তারা জীবিতদের জগতে আসে নতুন দেহ নেওয়ার জন্য। কাজেই, এই মৃত আত্মাদের হাত থেকে বাঁচতেই হবে। কাজেই, তারাও এক রকম উৎসব পালন করত।

পরে উনিশ শতকে আইরিশ ও স্কটিশ অভিবাসীরা এই উৎসব নিয়ে আসে উত্তর আমেরিকায়। পরের শতকের শেষদিকে অন্যান্য পশ্চিমা দেশগুলিতেও হ্যালোউইন উদযাপন শুরু হয়।

এখন তো পৃথিবীর বিভিন্ন দেশেই হ্যালোইন পালিত হয়। ইউরোপ-আমেরিকায় তো বটেই, পালিত হয় জাপানে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও।

দিনটি এমনকি ঘটা করে পালন করে ইউনিসেফও। তাদের সঙ্গে যুক্ত শিশুদের অনেকেই এদিন ভূত সেজে ট্রিক অর ট্রিট খেলার ছলে সংগ্রহ করে তহবিল। আর সে তহবিল খরচ হয় অসহায় শিশুদের জন্য।