২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথা বলা পুতুল ও ফ্রাঙ্কোইজ

“তুমি তাহলে তোমার মেয়েকে এবারও মেরে ফেললে?” কড়া গলায় কথাটা বলল শার্ট-প্যান্ট পরা কেতাদুরস্ত এক বিদেশি মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাদিয়া ইসলাম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 04:45 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

“মেমসাহেব, কী করব? ঘরে খুব অভাব! আর...”

কথাটা শেষ না করেই থেমে যায় মেয়েটির সামনে দাঁড়িয়ে থাকা কালো রংয়ের মানুষটা।

“আর কী?”

“আর মেয়ে জন্মালে মানুষের কাছে মুখ দেখাবে কী করে ও?” কথাটা বলে লোকটার মা। বাইরে কথাবার্তার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসেছেন তিনি।

“তাই বলে মাকে একবারও দেখতে না দিয়েই মেয়েটাকে মেরে ফেললেন? মাত্রই তো জন্মেছিল মেয়েটা।”

“তাতে তোমার কী, মেমসাহেব? তুমি কি ওকে খাওয়াতে? যাও তো! যাও এখন তোমার কাজে। ডাক্তারি করতে এ দেশে এসেছ। ডাক্তারিই করো গে!”

বাধ্য হয়েই ওখান থেকে চলে আসতে হল সাদা চামড়ার মেমসাহেবকে।

এখন অবশ্য অমন কথা ভাবাই যায় না। তবে অনেককাল আগে অনেক দেশেই এই প্রথা ছিল। মেয়েশিশু জন্মালে সঙ্গে সঙ্গেই মাটিতে পুঁতে ফেলা হত। ভারতবর্ষেও এই প্রথাটা ছিল। এখন শুনতে যেমনই লাগুক, তখন কিন্তু ওটা সবার গা-সওয়া ছিল। সবার কাছে ব্যাপারটা স্বাভাবিক ঘটনাই মনে হত।

এরই মধ্যে বেলজিয়াম থেকে ভারতে ডাক্তারি করতে আসা এক ডাক্তার-মেমসাহেবের চোখে পড়ল ব্যাপারটা। শুধু এই একটা সমস্যা না, এ রকম আরও অনেক বাজে প্রথা প্রচলিত ছিল তখন। এগুলো তাকে খুব ভাবিয়ে তুলল। সে প্রতিবাদ করল। কোনো লাভই হল না। কেউ শুনল না তার কথা। উল্টো ভাবতে ভাবতে মেম নিজেই অসুস্থ হয়ে পড়ল। কিন্তু হাল ছাড়ার পাত্রী তো সে নয়।

অসুস্থ থাকতে থাকতেই তার মাথায় অন্যরকম একটা বুদ্ধি খেলে গেল। আগে থেকেই পুতুল বানাতে পারত সে। এবার সেই পুতুলকেই সে বানাল হাতিয়ার। বিভিন্ন রংয়ের ঝকমকে কাপড়, রিবন, পাইপ, উল, সিল্কের কাপড়ের টুকরো, কলা আর নারিকেল গাছের ছিলকা, পাতা, বাঁশ, কাঠের টুকরো, প্লাস্টিকের টুকরো, বোতল-- এইসব দিয়ে সে পুতুল বানাতে লাগল।

তবে তার পুতুলগুলো আর সব পুতুল থেকে একটু আলাদাই ছিল। মেয়েটির বানানো সব পুতুলগুলোই কথা বলতে পারত। মানে, পুতুলগুলোকে দিয়ে সে কথা বলাত। সে সব কথা বলাত, যেগুলো সে এতদিন সবাইকে শোনাতে চেয়েছিল। পুতুলগুলো কবর-দেওয়া সদ্য জন্মানো মেয়েটির আর্তনাদ শোনাত, এক মেয়েহারা মায়ের আহাজারি শোনাত, সদ্যবিধবা সাদা-শাড়ি-পরা ছোট্ট মেয়েটির ভাবনা শোনাত, সেই মিথ্যেবাদী রাখালের কথা শোনাত যাকে নেকড়েরা খেয়ে ফেলেছিল। সামাজিক এসব ছোটখাটো বিষয়ের পাশাপাশি বিশ্বায়নের মতো কঠিন বিষয় নিয়েও কথা বলত পুতুলগুলো। জানাত ছোট-হয়ে-আসা পৃথিবীর কথা।

আর কী আশ্চর্য! যে কথাগুলো সবাই কোনো এক বিদেশি মেমসাহেবের কাছ থেকে শুনতে রাজি ছিল না, সেই কথাগুলোই তারা খুব আগ্রহ নিয়ে শুনতে লাগল পুতুলগুলোর মুখে। আর তার ফলে, খুব ধীরে ধীরে বদলে যেতে লাগল মানুষগুলোর দৃষ্টিভঙ্গি।

এই পুতুলগুলোর আরেকটি মজার ব্যাপার ছিল-- এদের কোনো চেহারাই থাকত না। মেয়েটি বলত, “পুতুলগুলো তুমি বা আমি-- যে কেউই হতে পারি। এদের চেহারা আমাদের যে কারও মতোই হতে পারে। তাই এদের আলাদা কোনো চেহারা নেই!”

এই মেমসাহেবের নাম ছিল ফ্রাঙ্কোইজ। তার কথা ভারত ছেড়ে আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ছড়িয়ে পড়েছিল তার এই কথা-বলা-পুতুলের খবর। বইও বেরিয়েছিল ওদের নিয়ে। এখনও অনেকে অবাক হয়ে পড়ে ফ্রাঙ্কোইজ আর তার কথা-বলা-পুতুলদের নিয়ে লেখা সেই বই-- ‘দ্য ডলস স্পিক’!