ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- হ্যারি পটার উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশী পাঠকরাও। সকাল দশটায় বইয়ের মোড়ক খোলা হবে জেনেও ভোর থেকে ধানমন্ডির এটসেটরা এবং গুলশানের ওয়ার্ড এন্ড পেইজেস এর সামনে বাড়তে থাকে পটার ভক্তদের ভিড়। মোড়ক খোলার সঙ্গে সঙ্গেই বুকিং দেয়া কপি শেষ হয়ে যায় এটসেটরায়। সবার মুখেই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ'কে বগল দাবা করার হাসি।
বাংলাদেশে হ্যারি পটারের পরিবেশক সুপার স্টোর এটসেটরা ও বই বিক্রি প্রতিষ্ঠান ওয়ার্ডস এন্ড পেইজেস। সারা বিশ্বে এক সময়ে প্রকাশিত হয় ডেথলি হ্যালোজ।
পটার সিরিজের সর্বশেষ বইটির প্রকাশনা উপলক্ষে ২১ জুলাই এটসেটরা এবং হ্যারি পটার কিডজ ক্লাব এটাসেটরা ধানমন্ডি আউটলেটে আয়োজন করে হ্যারি পটার গ্রান্ড পার্টি। সকাল দশটায় শুরু হওয়া এ পার্টি শেষ হয় বেলা একটায়।
এটসেটরাতে বই নিতে আসা পটার ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের গণিতের শিক্ষক সিকান্দর খান বলেন, "বুকিং দেয়ার পর থেকেই হ্যারি পটার পড়ার জন্য মুখিযে আছি। আমি ভাগ্যবান যে প্রকাশের পরপরই আমি এটা পেয়েছি।"
হ্যারি পটারের কোন চরিত্রটি মারা গেছে, জানতে চাইলে উত্তেজনা এতটুকু লুকিয়ে না রেখে মাস্টারমাইন্ড স্কুলের আহনান আদিব বলে, আমি ভাবতেও চাইনা কেউ মারা গেছে এবং এ ব্যাপারে কোন ধারনাও করব না। পুরোটা আগে পড়ি। আজকে এটা শেষ না করেতো আমি কিছুই করতে পারবো না।
হ্যারি পটার কিডজ ক্লাবের অংশগ্রহনে বই বিতরন অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে উঠে। ক্লাবের সদস্যদের হাব ভাব দেখে মনে হচ্ছিল প্রত্যেকেই একেকজন আস্ত হ্যারি পটার। কিশোর জাদুকর সিরিজের বিভিন্ন চরিত্রের অনুকরনে সেজেছে বেশ কজন। হ্যারি পটার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় হ্যারি পটার সেজে প্রথম হয় স্কলাসটিকা স্কুলের কেজি'র ছাত্রী অস্মিতা তানিশা। 'ডেডলি হরর' বা ভূত সেজে সবাইকে চমকে দেয় স্কলাস্টিকারই উশাউশি অরুনিমা এবং নইমিশা চৌধুরী।
কিডজ ক্লাবের তারকা সদস্য মডেল প্রার্থনা ফারদিন দিঘী জানায়, "এখানে এসে খুব ভালো লাগছে। আমরা বন্ধুরা সবাই মিলে খুব মজা করছি। আজকের দিনটাকে ঈদের দিনের মতো মনে হচ্ছে। '
হ্যারি পটার প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলাসটিকা গ্রপের পরিচালক সায়িদা মাদিহা মোর্শেদ।
এটসেটরার গ্রাহক সেবা ও জনসংযোগ কর্মকর্তা ফারিয়া রহমান জানান, তাদের কাছে বিক্রি করার মত বই আর অবশিষ্ট নেই।
গুলশানের ওয়ার্ড এন্ড পেইজেসেও হ্যারি পটার নিয়ে উৎসাহ উদ্দীপনার কোন কমতি ছিলো না। বইবিতরন সকাল সাতটা থেকে শুরু হলেও পটারের ভক্তকুল লাইনে দাঁড়ানো শুরু করেছে ভোর সাড়ে পাঁচটা থেকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনের দৈঘ্যও বাড়তে থাকে।
ওয়াডর্স এন্ড পেইজেসের ম্যানেজার (কমিউনিকেশন) শফিউল আলম সোহান জানান, "সকালেই তিনশ কপি বিক্রি হয়ে যায়। বুকিং দেওয়া কিছু কপি এখন খালি অবশিষ্ট আছে।"
এই দুইটি প্রতিষ্ঠান থেকে প্রতিটি বই ১৫৪৫ টাকায় বিক্রি করা হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ১৫১৫ ঘ.
bdnews24