২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাড়া

ক্লাস সেভেনে পড়ে হিমেল। ওর এই সময়ে ন্যাড়া না হলেই কি!

ন্যাড়া
অলঙ্করণ: সোহাগ পারভেজ

স্বরলিপি

Published : 16 May 2024, 11:42 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

বার্ষিক পরীক্ষা শেষ। আজ সকালে হিমেলকে ঘুম থেকে ডেকে তুলতে হয়নি। সে নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছে। তাকে খেতে ডাকতে হয়নি, নিজ থেকে এসেই মাকে বলেছে, খেতে দাও।

নাস্তায় তার প্রিয় রুটি ছিল না, এই নিয়ে কোনো টালবাহানাও করেনি। কই মাছ ভাজা আর খিচুড়ি তৃপ্তি নিয়ে খেয়ে উঠেছে। ওর মা যখন আচার নিয়ে আসে, ততক্ষণে ছেলের খাওয়া শেষ।

কি রে খিচুড়ি মজা হয়েছে?

এত মজার খিচুড়ি আমি কোনোদিন খাইনি।

নে এবার আচার খা।

শেষ পাতে খালি আচার খেয়ে উঠল হিমেল। উঠানে টু টাং বেজে উঠল সাইকেলের বেল। কে এসেছে? মায়ের কাছে জানতে চায় হিমেল। মা জানায়, তোর শ্যামল কাকা এসেছে। শ্যামল কাকার নাম শুনেই হিমেলের চোখ কপালে ওঠার জোগাড় হয়।

শ্যামল সুন্দর বলে ওঠে, বউদি আপনার ছেলে কই?

ঘরেই আছে। বারান্দায় জলচৌকিতে বসো দাদা।

শ্যামল সুন্দর জলচৌকিতে বসে ছোট ব্যাগ থেকে বের করে চুল কাটার জিনিসপত্র। হিমেলের মুখে হঠাৎ হাসি ফুটে ওঠে। বলে, ও শ্যামল কাকা তুমি একটু বসো। মা ঘি দিয়ে রুটি ভেজেছে, তোমার জন্য নিয়ে আসতেছে। এগুলো খেয়ে নিয়ে তারপর চুল কাটো। তুমি তো আবার চুল কাটার পর কিছু খাও না।

ঘরের ভেতর থেকে ছেলের কথা শুনে রেহেনা বোঝে না কী করবে। সে শ্যামল সুন্দরের কাছে এসে বলে, দাদা রুটি আজ বানাইনি। একটু খিচুড়ি রান্না করেছি। ঘরে জলপাইয়ের আচার আছে, তাই একটু দেই?

শ্যামল সুন্দর বলে, আমি খেয়েই সকালবেলা বাড়ি থেকে বের হইছি। আপনি ছেলেটাকে ডেকে দিন তো, হিমেলের বাবা আরো অন্তত কুড়ি দিন আগে বলে রাখছে ছেলের চুল কাটতে হবে। কালকে বললো, পরীক্ষা শেষ, ওর চুলগুলো সকাল সকাল যেন ফেলে দেই।

কিন্তু হিমেলকে তো আর দেখা যাচ্ছে না। রেহেনা বলে, এই সময় ওকে হাতের কাছে পাওয়া সহজ হবে না। ওর আব্বা আসুক। সে মাঠে জমি দেখতে গেছে। ফিরে এসে বাজারে যাবে। হয়তো এখনই এসে পড়বে। এই বলে শ্যামল সুন্দরকে সে খেতে দেয়।

হিমেলের বাবা মেহের ভূঁইয়া, গতরাতে বাজার থেকে ফেরার সময় ছেলের জন্য নতুন গামছা, সাদা স্যান্ডো গেঞ্জি, নতুন স্পঞ্জ স্যান্ডেল আর আমিত্তি মিষ্টি এনে রেখেছে। বলেছে ন্যাড়া হওয়ার পর এগুলো ছেলেকে দিতে হবে।

গামছাটা তার নিজের দোকানের। মেহের ভূঁইয়ার শাড়ি-গামছার দোকানের সামনেই শ্যামলের চুলকাটার দোকান। ঠিক দোকানও নয়, মাথার ওপর ছাউনি বলতে দুইখান টিন। বড় বটগাছের নিচেই তার দোকান। দুপুরে মেহের ভূঁইয়ার বেচাকেনা কম থাকে। শ্যামল সুন্দরের দোকানে হয়তো দুই-একজন থাকে, মেহের এসে বসে গল্প-গুজব করে। মাঝে মধ্যে পাখি নিয়ে আপত্তি তোলে। শ্যামল সুন্দরের দোকানের চারপাশে পাখির বিষ্ঠার সাদা ছোপ ছোপ দাগ।

শ্যামল সুন্দর তাকে বলে, বটগাছতো পাখিদেরই ঘররে ভাই! আমি ওদের কিছু বলার কেউ না।

মেহের একটু রাগী মানুষ। ক্রেতাদের সঙ্গে সবসময় মিষ্টি আচরণ করে। হিমেল মুগ্ধ হয়। সেই সময় বাবাকে দেখতে খুব ভালো লাগে। সে মাঝেমধ্যে বাবার দোকানে গিয়ে বসে, সহযোগিতা করে। ওর মনে হয়, বাবা যদি সবসময় এমন হাসিখুশি থাকতো!

ক্লাস সেভেনে পড়ে হিমেল। ওর এই সময়ে ন্যাড়া না হলেই কি! বিষয়টি শ্যামল সুন্দর মেহেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে মানতে নারাজ। অন্তত ক্লাস নাইন পর্যন্ত প্রতিবার বার্ষিক পরীক্ষার পর তার ন্যাড়া হওয়ার প্রয়োজন আছে বলে মনে করে সে। পরীক্ষা শেষ হলেই হিমেলকে আর হাতের কাছে পাওয়া যায় না। ন্যাড়া হলে চুল ঠিকঠাক মতো না ওঠা পর্যন্ত খুব একটা দূরে যায় না সে। সুতরাং ন্যাড়া তাকে হতেই হবে।

এই যুক্তিতে আবার সে কিছুটা খুশিও। ছেলেকে কাছে পাওয়া গেলে, সেইতো ভালো। রেহেনা ছেলেকে জোরে জোরে ডাকে, কোনো সাড়া শব্দ আসে না। হিমেল চলে গেছে পাশের বাড়ি। তার বন্ধু রুমনের কাছে। কী মনে করে রুমনও যেন হিমেলকে বলে দেয়, যা যা চুল কাট, আমিও কাটবো; তবে আজ না কাল।

হিমেলের আর বুঝতে বাকি থাকে না, মজা করার জন্যই রুমন এইসব কথা বলেছে। কই- গত বছর বার্ষিক পরীক্ষা শেষ হলেওতো ও চুল কাটলো না, আর এবার কাটবে! রুমন বলে, চল তোকে বাড়ি দিয়ে আসি!

আমিই যাচ্ছি, তোকে আর এগিয়ে দিয়ে আসতে হবে না। এই বলে সে ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ায়। সামনেই পুকুর, ঘাটে বসে চুল ভিজিয়ে নেয়।

এদিকে শ্যামল সুন্দর রেহেনাকে বলে, আর কতক্ষণ বসে থাকবো বউদি, ওকে ডাকেন। হিমেলকে কোথাও দেখা যাচ্ছে না। ততোক্ষণে খিচুড়ি খেয়ে নিন। ওর বাবা বাড়িতে আসলে ওকে পাবেন। একটা ডাক দেবে আশপাশের চল্লিশ বাড়ি পর্যন্ত যদি থাকে তাহলেও সে আসবে। মা হাজার ডাকলেও আসবে না।

গড়হাটের দিন। সকালবেলা অলসভাব শ্যামসুন্দরের চোখে-মুখে। সেও হিমেলকে ন্যাড়া না করে বাড়ি ছাড়বে না বলেই ঠিক করে। ছোকরা, চোখের ওপর দিয়ে চলে গেল! এমন সময় বাড়িতে আসে মেহের ভূঁইয়া। এসেই বড় করে একটা ডাক দিল, হি... মে...ল। সঙ্গে সঙ্গে হিমেল হাজির।

ও শ্যামল কাকা! আমিতো চুল ভেজাতে গিয়েছিলাম। আর আমার বন্ধু রুমনের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। এই শেষবারের মতো। বিকেল বেলায়তো ওকে আর চেনা যাবে না। বলতে শুরু করবে- টাক মাথা চারআনা/ চাবি দিলি ঘোরে না/ টাকের কি অবস্থা আলু বেগুন সস্তা...তখনতো রাগে আমার পিত্তি জ্বলবে। তাই বিদায় নিয়ে এলাম।

শ্যামল সুন্দর হাসি চেপে রাখে। তার সামনে একটি পিঁড়িতে বসে হিমেল। চুল কাটা শেষ হলে, হিমেলের চোখ দিয়ে পানি পড়ে। ওর মা হাসে, বাবা হাসে না। চুলকাটা শেষ হলে শ্যামল সুন্দর চলে যাওয়ার প্রস্তুতি নেয়। বরাবরের মতো এক কেজি চাল, কয়েকটি আলু, একটু লবণ আর ছোট্ট কাচের শিশিতে একটু তেল শ্যামল সুন্দরের হাতে তুলে দেয় রেহেনা। সে চলে যায়।

হিমেলের চুল কাটা হয়ে গেলে রেহেনা এসে ছেলেকে টেনে ওঠানোর চেষ্টা করে, হিমেল ওঠে না। মেহের এসে ছেলেকে টেনে তোলে। গোসল করতে বলে। ছেলেতো একেবারে মোমের মতো, বাবার বুকের সঙ্গে লেগে থাকে। তখন মেহেরের গলার কাছে কি যেন থির থির করে কাঁপে।

তোমার গলার কাছে কী?

মেহের ছেলের কানে কানে বলে, এইটা মনে হয় একটা পাখি।

এই পাখি কি আমার গলার কাছেও আছে?

তুমি যখন বড় হয়ে যাবে, আমি তখন ছোট হয়ে যাবো। পাখিটা তখন তোমার গলায় বাসা বাঁধবে।

কী বলো তুমি!

হুম...

বাবার গলা টিপে টিপে দেখে হিমেল। নতুন গামছা, গেঞ্জি, স্যান্ডেল এনে ছেলেকে দেখায় রেহেনা। হিমেল খুশি হয়। তারপর মেহের ভূঁইয়া বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ছেলের কাছে জানতে চায় সেকি বাজারে যাবে কিনা, রাজি হয় না হিমেল। বারান্দার সিঁড়িতে বসে শান্তশিষ্ট ছেলের মতো আমিত্তি খায়। কে যেন ঘরের পেছন থেকে বলে ওঠে- টাক মাথা চারআনা/ চাবি দিলে ঘোরে না। হিমেল বাবার মতো ভারি গলায় বলে ওঠে, কে রে...