২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাদুর জাদু

একদিন দাদু পাম্পুকে বললেন, ‘চল্, আমরা একটা জাদু করি।’ পাম্পু শুনে তো খুবই উত্তেজিত, ‘কী জাদু, দাদু?’

দাদুর জাদু
অলঙ্করণ: সোহাগ পারভেজ

বিডিনিউজ২৪

অনীলা পারভীন

Published : 01 Jun 2024, 07:26 AM

Updated : 26 Aug 2026, 09:41 AM

পাম্পু আর সম্পু দু’জন জমজ ভাই-বোন। সম্পু খুবই লক্ষ্মী একটি মেয়ে, আর পাম্পু দুষ্টের শিরোমণি। কিন্তু দু’জনের খুব ভাব।

ওদের দাদু কিন্তু একজন মস্ত বড় জাদুকর। চাইলেই যাকে তাকে অদৃশ্য করে ফেলতে পারেন।

পাম্পু কিছুই খেতে চায় না। সারাদিন খালি দুষ্টুমি আর খেলা। খাবার নিয়ে ওর যত বাহানা। সম্পু আবার তেমন নয়। মা ওকে যা দেন, তাই খেয়ে নেয়।

একদিন দাদু পাম্পুকে বললেন, ‘চল্, আমরা একটা জাদু করি।’ পাম্পু শুনে তো খুবই উত্তেজিত, ‘কী জাদু, দাদু?’

দাদু বললেন, ‘তোকে আমি অদৃশ্য বানিয়ে দিতে পারি।’ পাম্পু তো মহাখুশি, ভাবল অদৃশ্য হলে কেউ তাকে দেখতে পাবে না। তখন যা খুশি তাই করা যাবে।

যেমন কথা তেমন কাজ। দাদু জাদুমন্ত্র দিয়ে পাম্পুকে অদৃশ্য বানিয়ে দিলেন। এখন দাদু ছাড়া পাম্পুকে কেউ দেখতে পায় না।

পাম্পুর আনন্দ তো আর ধরে না। কিন্তু সমস্যা তখনই হলো যখন সে জানতে পারল, তাকে অন্যরা যেমন দেখতে পাবে না, তেমনি সে কাউকে ছুঁতে পারবে না। এমনকি সে যা খুশি তাই খেতেও পারবে না।

এবার পাম্পু একটু চিন্তায় পড়ে গেল। ভেবেছিল অদৃশ্য হয়ে একে ওকে একটু যন্ত্রণা করবে, ওর পছন্দের খাবার আইসক্রিম, চকলেট যা খেলে মা বকা দেন, সেগুলো মজা করে খাবে। তা তো আর হচ্ছে না, তাহলে অদৃশ্য হয়ে আর কী লাভ হলো?

পাম্পু খুব মন খারাপ করে দাদুর কাছে এলো, ‘দাদু, আমি অদৃশ্য থাকতে চাই না। তুমি আমাকে আগের মতো করে দাও, যেন সবাই আমাকে দেখতে পায়।’ দাদু বললেন, ‘আচ্ছা, ঠিক আছে। জাদুর বইটাতে মন্ত্র লেখা আছে। মন্ত্রটা পড়লেই তুই ঠিক হয়ে যাবি।’

কিন্তু দাদু তার জাদুর বইটা কোথায় রেখেছেন, কিছুতেই মনে করতে পারছেন না। সারা বাড়ি তন্ন তন্ন খুঁজেও বইটা পাওয়া গেলো না। বই না পেলে তো পাম্পু অদৃশ্যই থেকে যাবে! এখন উপায়!

দাদু ইন্টারনেট ঘাঁটাঘাটি করে জাদুর মন্ত্রটা খুঁজে বের করার চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। পাম্পু তো কেঁদে খুন। পাম্পুর অবস্থা দেখে সম্পুও কেঁদে ফেলল।

দাদু অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় বের করলেন। তিনি পাম্পুকে বললেন, ‘এখন থেকে তুই ভালো, স্বাস্থ্যকর সব খাবার খাওয়া শুরু কর্, দেখি তাতে কাজ হয় কিনা!’

দাদুর কথামতো পাম্পু প্রথমে কলা, আপেল এসব ফল খেলো। সম্পু চিৎকার দিয়ে উঠল, ‘দাদু দেখ, পাম্পুর পায়ের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে।’

কী দারুণ ব্যাপার! এবার পাম্পু খেলো ডিম, পাউরুটি। ওমা! ওর পায়ের পুরোটাই দেখা যাচ্ছে।

এর কিছুক্ষণ পর পাম্পু খেলো ভাত, সঙ্গে সবজি, মাছ, ডাল। বাহ্, কী চমৎকার! পাম্পুর শরীরের বেশির ভাগ এখন সবাই দেখতে পাচ্ছে।

শেষে, রাতে ঘুমাবার আগে পাম্পু এক গ্লাস দুধ খেতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখে, পাম্পু আবার আগের মতো হয়ে গেছে।