Published : 14 Dec 2025, 08:36 PM
আমাদের দেশে শিশুরা নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব দুর্ঘটনা কখনো কখনো শিশুদের প্রাণও কেড়ে নিচ্ছে। দুঃখজনক বিষয় হল একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটলেও আমরা অনেক সময় যথাযথ সতর্কতা অবলম্বন করি না।
শিশুদের গর্তে পড়ে মৃত্যুর ঘটনাই ধরা যাক। সংবাদমাধ্যমে আমরা রাজশাহীর তানোর উপজেলার এক শিশুর করুণ ঘটনার কথা জানতে পেরেছি, যে গর্তে পড়ে প্রাণ হারায়। ফায়ার সার্ভিস শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালালেও উদ্ধার শেষে তাকে মৃত ঘোষণা করতে হয়।
বাংলাদেশে এ ধরনের দুর্ঘটনায় শিশুমৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন স্থানে একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। অথচ এসব ঘটনা থেকে আমরা এখনো প্রয়োজনীয় শিক্ষা নিতে পারিনি।
দেশের অনেক জায়গায় সরকারি বা বেসরকারি কাজে কূপ বা নলকূপ খনন করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পর দেখা যায়, এসব গর্তের মুখ খোলা অবস্থায়ই পড়ে থাকে। পর্যাপ্ত তদারকি না থাকায় এগুলো শিশুদের জন্য ঝুঁকি তৈরি করে। একইভাবে অনেক জায়গায় ম্যানহোল বা ড্রেনের মুখ ঠিকমতো বন্ধ না থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই রয়ে যায়।
এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও কোনো খোলা গর্ত বা কূপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো উচিত। শিশুদের কখনোই দীর্ঘ সময় চোখের আড়ালে রাখা ঠিক না। কারণ সামান্য অসতর্কতাই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
প্রতিটি শিশু নিরাপদে বেঁচে থাকার অধিকার রাখে। সেই নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, যেন আর কোনো মায়ের কোল শূন্য হয়ে না যায়, কোনো শিশুর হাসি থেমে না যায়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।