Published : 07 Jul 2026, 02:28 PM
ছোটবেলায় গ্রাম ও শহর সবখানেই আমরা অনেক পাখি দেখতে পেতাম। গাছপালা ঘেরা শান্ত ও প্রাকৃতিক পরিবেশে পাখিদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। আমরা সবাই জানি, পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে মন খারাপের বিষয় হল, এখন আর আগের মত পাখির দেখা মেলে না। এর পেছনে নানা কারণ রয়েছে। আমি কয়েকটি লেখা পড়ে জেনেছি, পাখিদের স্বাভাবিক জীবনযাপনে অপরিকল্পিত নগরায়ন, তীব্র আলো ও শব্দদূষণের প্রভাব পড়ছে।
উচ্চ শব্দ পাখিদের যোগাযোগ ব্যবস্থার ক্ষতি করে। ফলে তারা একে অপরের ডাক ঠিকমত শুনতে পায় না। এতে করে তাদের প্রজনন, খাদ্য সংগ্রহ এবং সুরক্ষার মত মৌলিক বিষয়গুলো ব্যাহত হয়।
এছাড়া আমরা দেখছি, নগরায়ণের ফলে প্রতিদিনই অনেক গাছপালা কেটে ফেলা হচ্ছে। যার কারণে পাখিরা তাদের চিরচেনা আবাসস্থল হারাচ্ছে। গাছ কমে যাওয়ায় তারা বাসা তৈরি করতে পারছে না, খাদ্যেরও সংকট দেখা দিচ্ছে।
প্রকৃতি থেকে যদি এভাবে পাখি হারিয়ে যায়, তবে আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। আর এর চূড়ান্ত প্রভাব মানুষের ওপরই পড়বে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে।
গাছপালা রক্ষা করা, শব্দদূষণ কমিয়ে আনা এবং প্রযুক্তির পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই কেবল আমরা পাখিদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: খুলনা।