Published : 02 Jul 2026, 07:43 PM
কয়েকদিন আগের কথা। সেদিন স্কুলে গিয়ে আমরা সবাই গাছ উপহার পাই। যেহেতু আমরা আগে থেকে এই উপহারের বিষয়ে কিছুই জানতাম না, তাই এটি আমাদের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়।
সেদিন আমরা সবাই একটি করে গাছের চারা উপহার পেয়েছিলাম। ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)’ নামে একটি বেসরকারি সংস্থা আমাদের স্কুলের সব শিক্ষার্থীকে এই উপহার দেয়।
বন্ধুদের কেউ পেয়েছে পেয়ারা গাছ, কেউ লেবুর, আবার কেউ পেয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ।
আমি ও আমার বন্ধু নিহিন দুইজনেই ফল গাছের চারা পেয়েছি। আমি পাই আম গাছের চারা আর সে পায় আমড়ার। গাছ উপহার পেয়ে আমরা দুজনই খুব খুশি হই। শুধু আমরা নই, সবাই খুব খুশি হয়েছিল।
উপহারটি হাতে পাওয়ার পর আমার বন্ধু নিহিন গাছটি বুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, “আমি এই গাছটা আমাদের বাড়ির সুন্দর একটি জায়গায় লাগাব। প্রতিদিন সকালে উঠে নিজেই এতে পানি দেব, যাতে তাড়াতাড়ি বড় হয় আর অনেক আমড়া ধরে!”
চারা আমাদের হাতে তুলে দেওয়ার সময় শিক্ষকদেরও খুব আনন্দিত মনে হচ্ছিল। এ সময় ইশতিয়াক স্যার, আলামিন স্যার, আজিজুল স্যার ও ইমরান স্যারসহ আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষকরা আমাদের বললেন, “তোমাদের যেসব চারা দেওয়া হয়েছে, এগুলো তোমাদের নতুন বন্ধু। বড় হয়ে তারা আমাদের অক্সিজেন দেবে, ফুল-ফল দেবে এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলবে।”
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: শেরপুর।