Published : 05 Feb 2026, 10:43 AM
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীরা একের পর এক ইশতেহার ঘোষণা করছেন।
শিশুর শিক্ষা, নিরাপদ শৈশব ও সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার আড়ালেই থেকে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি।
খেয়াল করলাম বেশিরভাগ দলের ইশতেহার কিংবা প্রার্থীদের বক্তব্যে শিশুদের নিয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনার একদম নেই বললেই চলে। আমি মনে করি, একটি দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় শিশুদের। অথচ আমাদের দেশে এখনো শিশু নির্যাতন, বাল্যবিয়ে, স্কুল থেকে ঝরে পড়া, ডিজিটাল ও সামাজিক নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যা রয়েছে। এখনো অনেক শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আবার নিরাপদ পরিবেশের অভাবে অনেক শিশু শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমার মতে, শিশুদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বাড়ানোও প্রয়োজন। কিন্তু নির্বাচনী আলোচনায় যদি এসব বিষয় গুরুত্ব না পায়, তাহলে তা আমাদের জন্য বেশ হতাশাজনক।
আমার মনে হয় রাজনৈতিক দল ও প্রার্থীদের উচিত শিশুদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা। শিশুদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তাকে রাখতে হবে রাজনৈতিক প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দুতে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।