Published : 11 Dec 2025, 06:47 PM
আমাদের অনেকেরই চিড়িয়াখানায় যেতে ভালো লাগে। সেখানে নানা রকম পশুপাখি দেখতে পাওয়া যায়। কিন্তু, বনের প্রাণীকে বন্দি রেখে প্রদর্শনের পক্ষে আমি নই।
প্রাণীরা প্রকৃতির সন্তান। তাদের স্বাভাবিক জীবন প্রকৃতির মাঝেই। আমরা যখন তাদের ধরে এনে খাঁচায় ভরে রাখি, তখন তাদের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়।
মানুষ হিসেবে আমাদের জায়গা পরিবার, সমাজ এবং চারপাশ। হঠাৎ যদি আমাদের সেখান থেকে সরিয়ে একটি ছোট ঘরে আটকে রাখা হয় তাহলে কেমন লাগবে? প্রাণীদের অবস্থাও ঠিক এমনই।
চিড়িয়াখানার খাঁচার ভেতরে তারা বনের স্বাধীন জীবন ছেড়ে মানুষের সামান্য আনন্দের জন্য দিন কাটাতে বাধ্য হয়। কোনো উপায় না থাকায় তাদের এই কঠোর বাস্তবতা মেনে নিতে হয়। আমরা আনন্দ করতে গিয়ে অনেক সময় ভুলে যাই তাদের নীরব কষ্টটাই সত্যিকার প্রাধান্য পাওয়ার যোগ্য।
সম্প্রতি মিরপুরের চিড়িয়াখানা থেকে ডেইজি নামের একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে যায়। ছবিতে সিংহটিকে দেখে খুব কষ্ট পেয়েছি। যে সিংহকে বলা হয় বনের রাজা তার চোখে ছিল ক্লান্তি আর মুখে ছিল অসহায়ত্ব। রাজকীয় শক্তির বদলে সেখানে ধরা পড়েছিল বন্দি জীবনের ক্ষত। এই দৃশ্য বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
এখনই সময় গুরুত্ব দিয়ে ভাবার। প্রাণীদের তাদের প্রকৃত বাসস্থানে ফিরতে দিতে হবে, যেখানে তারা স্বাধীন নিরাপদ এবং স্বাভাবিক থাকতে পারে। বিনোদনের নামে কোনো প্রাণিকে আর বন্দি রাখা উচিত নয়।
আমাদের সবার সচেতন হওয়া জরুরি। কারণ প্রাণীরা বনে সুন্দর। তাদের অকারণে খাঁচায় আটকে রাখা অমানবিক আচরণ।
আমাদের কাছে কয়েক মুহূর্তের আনন্দ হলেও তাদের জন্য তা দীর্ঘ যন্ত্রণার জীবন। তারা ভাষায় বলতে পারে না কিন্তু বলতে পারলে হয়ত অনুরোধ করে বলত আমাদের নিজের ঘরে ফিরতে দাও।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।