Published : 18 Sep 2026, 06:50 PM
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১১৬ জন। আর ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন। তাদের মধ্যে ৬৩ জনই ঢাকা বিভাগে মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।
গেল ছয় মাসে হামে প্রাণ হারিয়েছে মোট এক হাজার ৪৮ জন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬৫ জন।
এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৪৫ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে।
তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৪৪ জন, চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১৭৭, বরিশালে ১০৩, খুলনায় ১১৭, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ২২ ও রংপুরে ১২ জন।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৬ হাজার ৭১৮। তাদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন হাসপাতাল ছেড়েছে।
আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫। হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।
হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।