ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু, হাসপাতালে আরও ২৫ রোগী
নতুন বছরে পাঁচজনের প্রাণ কাড়ল রোগটি।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; এসময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন।
সবশেষ মারা যাওয়া এ ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ৯ জানুয়ারি একজনের প্রাণ কেড়েছিল এইডিস মশাবাহিত রোগটি। সব মিলিয়ে এ বছর পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছে, তাদের মধ্যে ১১ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরে, বাকি ১৪ জন চিকিৎসা নিচ্ছে ঢাকার বাইরে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৪ জন।
সব মিলিয়ে এ বছরের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩২ জন। তাদের মধ্যে ঢাকায় ২৩৭ জন এবং বাকি ২৯৫ জন ঢাকার বাইরে ভর্তি হয়।
শনিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১২২ জন ঢাকায় এবং ১২৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
