ডেঙ্গুতে এগার দিনে ৫৮ মৃত্যু
দেশে চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হল।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু এবং ২১৯৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অক্টোবর মাসে প্রাণ গেছে ৫৮ জনের।
এর আগে গত সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় হাসপাতালে; প্রাণ যায় ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২৫০ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভর্তি হন ২৫০ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৩০ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৩৬ জন, চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, ময়মনসিংহে ৭০, রাজশাহী ১৬০, রংপুরে ৮৪ এবং সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৯৬ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ৯২ হাজার ৮০৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
