ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১০ রোগী
মার্চের প্রথম চারদিনে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন, এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ৪ জন, বাকি ৬ জন ঢাকার বাইরের।
এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২৭ জনে, তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন বাকি ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।
মার্চের প্রথম চারদিনে আক্রান্ত হয়েছেন ৩৩ জন, এ মাসে এখনো কারো মৃত্যু হয়নি।
সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৫ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩৪।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।
