২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল দুজনের

সবমিলিয়ে এ বছর ১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল দুজনের

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 07:21 PM

Updated : 19 Dec 2023, 07:21 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে, এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৬ জন। আর ঢাকা মহানগরে এ সংখ্যা ৪০।

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১৯ হাজার ৬৭১ জনে। এদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ২ লাখ ১০ হাজার ৫৫ এবং ঢাকায় ১ লাখ ৯ হাজার ৬১৬ জন ভর্তি হয়।

আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৮ জনে। তাদের মধ্যে ৯৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৭১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৩৩৭ জন রোগী। তাদের মধ্যে ৪৩৩ জন ঢাকায় এবং ৯০৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ১৯ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৭৭৮০।

মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৯ দিনে ৬৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।