২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৬ জন

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৬৯ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 08:47 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

এইডিসি মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১১ জনই ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

এর বাইরে বরিশাল বিভাগে দুজন, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৬৯ জনে। এর মধ্যে মারা গেছেন ৩৬ জন। 

দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ১১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৫ জন; ঢাকার বাইরে ৪৮ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মারা যান গেছেন তিন জন। মার্চ আক্রান্ত হন ৩১১ জন; মারা গেছেন পাঁচজন, এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে আক্রান্ত হন ৬৬০ জন, মারা গেছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।