ঢাকা মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার
বিএমএ-এর আহ্বানে সাড়া দিয়ে কর্মবিরতি তুলে কাজে ফিরেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবৈতনিক চিকিৎসকরা।
এর ফলে রোববার সকাল থেকে দেশের বৃহত্তম এই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির অবসান হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মারামারির পর হাসপাতাল সংলগ্ন চানখারপুলে তিন সহকর্মীর ওপর হামলা হলে কাজ বন্ধ করে দেয় এই হাসপাতালের ‘অবৈতনিক (অনারারি)’ চিকিৎসকরা।
এরপর সোমবার দুপুরে বিএমএ চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে আগামী বুধবার এক ঘণ্টার কর্মবিরতি ডেকে অন্য সব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেও ধর্মঘটীরা অনড় ছিল।
তবে সন্ধ্যায় তাদের সঙ্গে বৈঠক করে বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসকরা কর্মবিরতি ছেড়ে কাজে ফিরেছেন।
একই সঙ্গে তিনি ঢাকা মেডিকেলসহ সারাদেশে সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের ওপর সব হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার এক ঘণ্টা কর্মবিরতি পালনের পাশাপাশি কালো ব্যাজ পরে শাহবাগে মানববন্ধনও করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
সংবাদ সম্মেলনে ইকবাল আর্সলান
ইকবাল আর্সলান বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা, নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দেয়া হয়েছে।
“এ পর্যন্ত এ ধরনের ২২টি হামলার ঘটনা ঘটেছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসকরা মিথ্যা মামলার শিকার হয়েছেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত সপ্তাহে লিফটে ওঠা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে শিক্ষানবিশ চিকিৎসকরা মারধর করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দল বেঁধে হাসপাতালে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। তখন শিক্ষানবিশ চিকিৎসকরা একবার কাজ বন্ধ করে দিলেও পরে ফিরে আসে কাজে।
এর কয়েকদিনের মাথায় অবৈতনিক কয়েকজন চিকিৎসক শনিবার রাতে হাসপাতাল সংলগ্ন চানখারপুলে খেতে গেলে হামলার শিকার হন।
এনিয়ে শনিবার মধ্যরাতে উত্তেজনার পর রোববার সকাল থেকে কাজ বন্ধ করে দেয় অবৈতনিক চিকিৎসকরা।
এর ফলে বহির্বিভাগে কোনো রোগী চিকিৎসা সেবা পাননি, ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের। তবে জরুরি বিভাগে নিয়মিত চিকিৎসকরা কাজ চালিয়ে যান।
হাসপাতালে সহকারী পরিচালক আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার পৌনে ১১টার পর থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় দেড়শ’ অবৈতনিক চিকিৎসক বহির্বিভাগে এসে কর্মরত চিকিৎসকদের চিকিৎসা সেবা না দেয়ার কথা বলে যান। কর্মচারীদের টিকিট বিক্রি করতে নিষেধ করেন।
এরপর থেকে বহির্বিভাগ বন্ধ হয়ে যায়, নির্ধারিত সময় বেলা ২টা পর্যন্ত কোনো সেবা পাননি রোগীরা।
রোগীদের দুর্ভোগ
যে ‘অবৈতনিক’ চিকিৎসকরা কাজ করছিলেন না, তারা হাসপাতালের চিকিৎসকদের সবচেয়ে বড় অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জরুরি বিভাগের আবাসিক সার্জন কে এম রিয়াজ মোরশেদ বলেন, প্রায় ১ হাজার অবৈতনিক চিকিৎসক রয়েছে দেশের বৃহত্তম এই সরকারি হাসপাতালে।
“তাদের (অবৈতনিক চিকিৎসক) ছাড়া চিকিৎসা সেবা চালানো কষ্টকর,” বলেন তিনি।
অবৈতনিক চিকিৎসকদের পাশাপাশি ঢাকা মেডিকেলের প্রায় ২০০ শিক্ষানবিশ চিকিৎসকও কাজে যোগ দেননি।
‘অবৈতনিক’ চিকিৎসক মোস্তাফা রেজওয়ান সিদ্দিকী রোববার সাংবাদিকদের বলেছিলেন, হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রোববার আহ্বান জানান যুক্তরাষ্ট্র সফররত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেইসঙ্গে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বানও জানান তিনি।
এরপর বিএমএ সংবাদ সম্মেলন করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে অন্য সব সব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায়।
চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। তবে কেউ এখনো গ্রেপ্তার হয়নি।
