নিপায় আরো এক জনের মৃত্যু
এই বছর নিপা ভাইরাস সংক্রমণে মারা যাওয়া শিশুটির বাবাও মারা গেলেন।
ভাইরাস সংক্রমিত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ওই ব্যক্তি মারা যান বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান।
এনিয়ে এবছর নিপা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০-এ।
চলতি শীত মৌসুমে প্রথম ২৩ জানুয়ারি আট বছর বয়সি একটি শিশু নিপা ভাইরাস সংক্রমিত হয়ে যায়। ঢাকায় মারা যাওয়া ওই শিশুটির বাবাও অসুস্থ ছিলেন। তারা দুজনই খেঁজুরের রস খেয়েছিলেন।
গত ১১ জানুয়ারি ভালুকা থেকে আনা খেঁজুরের রস খেয়েছিলেন দুজনেই। ছয়দিন পর তাদের রোগলক্ষণ ধরা পড়ে।
কাঁচা খেঁজুরের রস পান নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
সাধারণত শীতকালে বাদুরের মাধ্যমে খেঁজুরের রস থেকে মানুষে এই ভাইরাস সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও এ ভাইরাসের সংক্রমণ হতে পারে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
ভাইরাস সংক্রমণের প্রায় আটদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে- জ্বর, প্রলাপ বকা এবং অজ্ঞান হয়ে যাওয়া।
মাহমুদুর রহমান বলেন, “এ রোগে একবার আক্রান্ত হলে প্রতিকার কঠিন। তবে খেঁজুরের কাঁচা রস না খেয়ে ভাইরাসটির সংক্রমণ একশো ভাগ ঠেকানো সম্ভব।”
মালয়শিয়ায় ১৯৯৮ সালে প্রথম এই ভাইরাসটির সংক্রমণের কথা জানা যায়। তবে বর্তমানে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
অজ্ঞাত রোগ হিসেবে ২০০১ সালে দেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ নজরে আসে। তিন বছর পরে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পরীক্ষার মাধ্যমে একে নিপা ভাইরাস বলে সনাক্ত করা হয়। তখন থেকে এ পর্যন্ত দেশের ২১টি জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত ১৭৬ জনের মধ্যে ১৩৬ জনই প্রাণ হারিয়েছেন।
বাদুরের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস।
নিপা ভাইরাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তাই সংগৃহীত রস জ্বাল দিয়ে পান করা হলে সংক্রমণের ঝুঁকি থাকে না।
বাংলাদেশে সংক্রমণের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখেছে, এটি অত্যন্ত সংক্রামক এবং খুব কম সংস্পর্শের কারণেও এটি এক ব্যক্তি থেকে আরেকজনে ছড়াতে পারে। রোগীর সেবা যত্নের সময় সতর্ক না থাকায় সংক্রমণ ছড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, “সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিলে এবং আলাদা আলাদা খাবার গ্রহণ করলে এর সংক্রমণ ঠেকানো যায়।”
