লন্ডন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিচয় সঙ্কটে ভোগা ও পুরুষত্বের গর্ব হারানোর কারণে সুবিধাবঞ্চিত মধ্যবয়সী পুরুষদের আত্মহত্যার ঝুঁকি অন্যদের চেয়ে দশগুণ বেশি।
নতুন এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন গবেষকরা।
ত্রিশ, চল্লি¬শ ও পঞ্চাশের কোঠায় থাকা পুরুষদের আত্মহত্যার ঝুঁকি কেন বেশি তা খুঁজে বের করতে গবেষণাটি পরিচালনা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের টেলিফোনে সহায়তা প্রদানকারী ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান সামারিতানসে’র পক্ষ থেকে গবেষণাটি পরিচালনা করেছেন তারা।
গবেষণার ফলাফল বিশ্লে¬ষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আত্মহত্যা শুধু একটি মানসিক সমস্যা নয়। এর মাধ্যমে সমাজে পুরুষের মূল্যায়ন এবং পুরুষরা যখন হতাশা, উদ্বিগ্নতা ও অন্যান্য সমস্যা কাটিয়ে উঠতে লড়াই করে তখন সমাজ তার প্রয়োজন মেটাতে পারে কিনা তারও নির্দেশক।
এ প্রসঙ্গে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতি বিষয়ক গবেষক ও অধ্যাপক এবং সামারিতানসে’র ট্রাস্টি স্টিফেন প¬ট বলেছেন, “আত্মহত্যা শুধু স্বাস্থ্যগত ইস্যু নয়, এটি একটি সামাজিক ও স্বাস্থ্যগত বৈষম্যের ইস্যু। এটি পক্ষপাতদুষ্ট ও অযৌক্তিক।”
গবেষণায় বলা হয়েছে, “গত ৬০ বছর ধরে শ্রম বাজারের প্রকৃতি কর্মজীবী পুরুষদের ওপর প্রভাব ফেলেছে।”
“প্রথাগত পুরুষনির্ভর শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কমতে থাকায় পুরুষেরা শুধু তাদের চাকরিই হারাচ্ছে না, পাশাপাশি পুরুষত্বের গর্ব হারানো ও পরিচয় সঙ্কটে ভুগছে তারা।”
গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মধ্যবয়সী পুরুষ আত্মহত্যা করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষ আত্মহত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১১১৩ ঘ.
bdnews24