২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিডিডিআর,বি নির্বাহী পরিচালককে অপসারণ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার একবছর আগেই ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে পদ ‘ছাড়ছেন’ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রাভিওতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তির মেয়াদ শেষ হওয়ার একবছর আগেই ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে পদ ‘ছাড়ছেন’ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রাভিওতো। ২০১০ সালে তিন বছর দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন ক্রাভিওতো। সোমবার আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১ জুলাই নির্বাহী পরিচালকের পদ ছাড়বেন ক্রাভিওতো। আশা করা হচ্ছে নভেম্বর নাগাদ এ পদে নতুন নিয়োগ দেওয়া হবে।” মেয়াদের শেষের আগেই তাকে অপসারণের কারণ জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ১৬ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের সদস্য মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ড সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা পোষণ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের ক্ষুব্ধ গবেষকরা নির্বাহী পরিচালকের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের মধ্যে ইমেইল চালাচালি ও প্রচারপত্র বিতরণ করছিলেন। মহাখালীতে এই কেন্দ্রের তিন তলা ভবনকে ২০০৯ সালের মধ্যে আট তলায় রূপান্তরের জন্য তিন ভাগে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়েও কাজ শেষ করতে না পারায় ওই অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এ অবস্থায় গত বছরের জুলাই মাসে বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমটি গঠন করা হয়, তদন্তে আলোচনায় আসে ক্রাভিওতোর নামও। তদন্ত কমিটি তাদের ওই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করেনি। স¤প্রতি এ বিষয়ে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হুমায়ুন কবির বলেছিলেন, জুন মাসে বোর্ডের সভায় তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আইসিডিডিআর,বির কর্মকাণ্ড পর্যালোচনায় প্রতিবছরের জুন ও নভেম্বরে বৈঠক করে এই বোর্ড। পদ ছাড়ার কারণ জানতে চাইলে বোর্ডের আরেক সদস্য অধ্যাপক সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমি কথা বলব না। এটা ছিল একটা জেন্টেলম্যান এগ্রিম্যান্ট। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।” তবে এ ধরনের কোনো সংবাদ বিজ্ঞপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে আসেনি। ১৯৭৮ সালে এক অধ্যাদেশ জারির মাধ্যমে আইসিডিআর,বি প্রতিষ্ঠা করা হয়। বছরে ১০ কোটি টাকার অনুদান পাওয়া এই কেন্দ্রের সবচেয়ে বড় দাতা বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএল/২১৩৪ ঘ.