২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগের ‘ঝুঁকি’ কমাবে ক্লোন ভেড়া

জিনের পরিবর্তন ঘটিয়ে চীনা বিজ্ঞানীরা এমন এক ক্লোন ভেড়ার জন্ম দিয়েছেন, যার চর্বি হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

হংকং, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিনের পরিবর্তন ঘটিয়ে চীনা বিজ্ঞানীরা এমন এক ক্লোন ভেড়ার জন্ম দিয়েছেন, যার চর্বি হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়ক হবে। বিজ্ঞানীরা বলছেন, বাদাম, মাছ ও পাতাযুক্ত শাকসব্জিতে পাওয়া যায় এমন ‘উপকারি’ চর্বির জিন এই ক্লোন ভেড়ার কোষে যোগ করা হয়েছে। ফলে এই ভেড়ার শরীরে যে চর্বি পাওয়া যাবে তা হৃদরোগ ও হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি কমাবে। গত ২৬ মার্চ চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি গবেষণাগারে ভূমিষ্ঠ হয় এই ক্লোন ভেড়া। শাবকটির নাম রাখা হয়েছে পেং পেং। জন্মের সময় পেংপেংয়ের ওজন ছিল ৫ দশমিক ৭৪ কেজি। এই ক্লোন ভেড়ার জন্ম হয়েছে শেনঝেনের বেইজিং জেনোমিকস ইন্সিটিউটের (বিজিআই) একদল গবেষকের তত্ত্বাবধানে। গবেষক দলটির প্রধান ডু উতায়ো জানান, পেংপেং একটি স্বাভাবিক ভেড়ার বাচ্চার মতোই বেড়ে উঠছে, তার স্বাস্থ্যও বেশ ভালো। তিনি জানান, এই গবেষণায় তারা একটি চীনা মেরিনো ভেড়ার কান থেকে ‘দাতা কোষ সংগ্রহ করেন। সেই কোষ থেকে তৈরি করা স্টেম সেলে যুক্ত করা হয় বিশেষ ‘উপকারি চর্বির’ জিন, যা সাধারণত পাওয়া যায় বাদাম, মাছ বা পাতাযুক্ত শাকসব্জিতে। বিশেষ এই জিনটি হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে এমন উপকারি চর্বি তৈরি করে। এরপর সেই স্টেমসেল একটি অনিষিক্ত ডিম্বাণুতে প্রবেশ করিয়ে স্থাপন করা হয় মা ভেড়ার গর্ভে। এভাবেই জন্ম নেয় পেংপেং। বিশ্লেষকরা বলছেন, উচ্চ কলেস্টরলের ঝুঁকির কারণে চিকিৎসকরা এতোদিন লাল মাংস (রেড মিট) পরিহার করার পরামর্শ দিয়ে আসছিলেন। পেংপেংকে নিয়ে গবেষণা সফল হলে হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকিতে থাকা রোগীদের হয়তো আর মাংস খাওয়া ছাড়তে হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৬২৮ ঘ.