২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত তামাক আইন দ্রুত পাশের দাবি

তামাকের ব্যবহার ও ব্যবসা কমাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়া দ্রুত পাশ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাকের ব্যবহার ও ব্যবসা কমাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়া দ্রুত পাশ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার রাজধানীতে তামাকের বিরুদ্ধে সম্মিলিত জোট আয়োজিত এক সেমিনারে আইনটি রোধে সিগারেট কোম্পানিগুলোর চাপের কথা উল্লেখ করে জোটের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবদুল মালিক বলেন, “আমাদের প্রতিপক্ষ (সিগারেট কোম্পানিগুলো) খুবই ক্ষমতাধর। কিন্তু জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের আইনটি পাশে জোর চেষ্টা চালানো উচিত।” সরকার ধূমপান কমানো এবং তরুনদের ধূমপানে নিরুৎসাহিত করতে ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইনটি দুই বছর আগে আরও কঠোর করার জন্য সংশোধণের উদ্যোগ নেয়। সব প্রক্রিয়া শেষ করার পর খসড়া আইনটি গত ডিসেম্বরে মন্ত্রিসভায় তোলার কথা ছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় খসড়াটি ফেরত নেয়। আইনটি সংশোধনে গঠিত কমিটির সদস্য তায়ফুর রহমান বলেন, “সংশোধিত আইনটি পাশ হলে তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে যাবে।” খসড়া এই আইনে জরদা, সাদা পাতা ও গুলের মতো পণ্যও তামাক পণ্যের আওতায় আনা হয়েছে। আইনে সিগারেটের প্যাকেটের ৫০ শতাংশেই ছবিসহ স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ রাখার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। রাখা হয়েছে রেস্তোরাঁগুলোকে ধূমপানমুক্ত রাখার বিধানও। ‘তামাক ও বিপন্ন জনস্বাস্থ্য’ শীর্ষক এই সেমিনারে বলা হয়, ধূমপান জনিত অসুখে দেশের প্রতিবছর ৫৭ হাজার মানুষ মারা যায়। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ ধূমপায়ীই ১৭তম জন্মদিনের আগে এ অভ্যাস গড়ে তোলে। খসড়া আইনে তাই ১৮ বছরের নিচের শিশুদের কাছে সিগেরেট বিক্রি করা নিষিদ্ধ করেছে। খসড়া আইনে ব্যক্তিক্ষেত্রে নিয়ম ভাঙার জরিমানা ৫০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে আইন ভাঙলে ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। একটি ‘স্বার্থান্বেষী’ মহল তামাকের ওপর কর বাড়ানোর বিরোধিতা করছে উল্লেখ করে সংসদ সদস্য অধ্যাপক মতিউর রহমান বলেন, “বিড়ির কম দামের কারণে ধূমপানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিুআয়ের মানুষ।” বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও মিশরের মতো দেশে গরীব পরিবারে ১৫ শতাংশ পর্যন্ত আয় তামাক পণ্যের পেছনে খরচ হয়। জোটের সাংগঠনিক সম্পাদক ড. সোহেল রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে তামাকজাত পণ্য থেকে যে রাজস্ব আসে তার চেয়ে বেশি ব্যয় হয় ধূমপানের কারণে সৃষ্ট রোগ মোকাবেলায়। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে ২০০৯ অনুযায়ী বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ৪ কোটি ১৩ লাখ মানুষ তামাক ব্যবহার করে। ২০০৭ সালে এ সংখ্যা ছিল ৩ কোটি ২৩ লাখ। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বে যেখানে তামাকের ব্যবহার কমছে সেখানে উন্নয়নশীল দেশে তামাক নিয়ন্ত্রণ আইনে গলদের কারণে ধূমপান বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৭৩২ ঘ.