ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মজীবী মায়েরা শিশুদের স্তন্যপান কেন নিশ্চিত করতে পারছে না তার কারণ সরকার খুঁজে বের করার 'চেষ্টা' করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশে শিশুদের স্তন্যপানের হার খুব কম- বিষয়টি স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, এর পেছনে নানা কারণ থাকতে পারে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেল্থ সার্ভে (বিডিএইচএস) অনুযায়ী ১৯৯৪ সালে স্তন্যপানের হার ছিলো ৪৬ শতাংশ। ২০০৭ সালে এ হার তিন শতাংশ কমে যায়।
শিশুদের স্তন্যপান নিশ্চিত করা গেলে বছরে দু হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে জানান স্বাস্থ্যমন্ত্রী রুহুল।
তিনি বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো গেলে ৩১ শতাংশ শিশুর মৃত্যু রোধ করা সম্ভব।
কর্মজীবী মায়েরা শিশুদের স্তন্যপান করাতে পারেন না- এ কথা উল্লেখ করে রুহুল হক বলেন, এক্ষেত্রে সমস্যাগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো।
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডা. এ কে রয় চিকিৎসা সাময়িকী ল্যানসেটের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের মায়েদের ৮৮ শতাংশ শিশুদের স্তন্যপান করাতে পারেন, এটা প্রমাণিত।
তার মতে, তীব্র অপুষ্টি, অসুস্থতা, সংক্রমণ এবং পারিবারিক সমস্যার শিকার না হলে মায়েরা শতভাগ স্তন্যপান করাতে পারেন।
পুষ্টিবিদদের এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "পুষ্টিবিদরা ঘরে বসে তত্ত্ব তৈরি করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/০০৩৮ ঘ.
bdnews24