ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাতঙ্ক নিয়ন্ত্রণে শহর এলাকায় কুকুর নিধনের বদলে বংশবিস্তার রোধের কৌশল নেবে ঢাকা সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সনাতন পদ্ধতির বদলে আধুনিক কৌশল নিতে যাচ্ছি।"
এর অংশ হিসেবে সিটি করপোরেশনের 'কুকুর নিধন' কার্যক্রম পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে। পাশাপাশি বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার রোধের জন্য বন্ধ্যাকরণ ও নিবীর্যকরণ কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
সাধারণ মানুষকে জলাতঙ্ক সম্পর্কে সচেতন করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের লাইন ডিরেক্টর বেনজির আহমেদ বলেন, জলাতঙ্ক প্রতিরোধযোগ্য। কিন্তু একবার আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য।
যে প্রক্রিয়ায় কুকুর নিধন করা হয় তা একইসঙ্গে অমানবিক ও উদ্দেশ্য পূরণে অকার্যকর উল্লেখ করে তিনি বলেন, টিকার মতো আধুনিক পদ্ধতি প্রয়োগ করেও জলাতঙ্ক প্রতিরোধ করা যায়।
সাধারণত উষ্ণ রক্তের প্রাণী থেকে মানুষের দেহে জলাতঙ্কের জন্য দায়ী ভাইরাসের সংক্রমণ ঘটে। পৃথিবীতে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে ৫৫ হাজার মানুষ মারা যায়, যার অর্ধেকরই বয়স ১৫ বছর বা তার কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/১৮০৪ ঘ.
bdnews24