২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ওষুধ তৈরির অপরাধে ২ জনের দণ্ড

রাজধানীর মিরপুর এলাকায় নকল ওষুধ তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকায় নকল ওষুধ তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এই কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর-১১ এর 'দীন ইসলাম হারবাল এন্ড কেমিক্যালসের' মালিক দীন ইসলাম (২৬) ও 'মিরপুর ওষুধালয়ের' মালিক গাজি সালাউদ্দিন বাবু (২৮)। এর মধ্যে দীন ইসলামকে দুই বছরের কারদণ্ড ও তিন লাখ টাকার জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গাজি সালাউদ্দিন বাবুকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। র‌্যাবের ম্যাজিট্রেট এএইচএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাঁতের মাজনে মিশানো হাইড্রোক্লোরিক এসিড ব্যবহারে তাৎক্ষণিকভাবে দাঁত পরিষ্কার হয় কিন্তু দাঁতের মারাত্মক ক্ষতি হয়। তিনি বলেন, ওষুধ প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই তারা এসব ওষুধ তৈরি করছে। এছাড়া বিএসটিআইএ'র নকল সার্টিফিকেট নিয়ে তারা তেল ও লোশন তৈরি করছে যা ত্বকের জন্য ক্ষতিকর। গাজি সালাউদ্দিনের শোবার ঘরে 'জনশক্তি হারবাল' নামে একটি কারখানারও সন্ধান পান বলে আনোয়ার পাশা জানান। অভিযানে বিএসটিআইএ'র কর্মকর্তা সাইদুর রহমান, ড্রাগ সুপার শফিকুল ইসলাম ও র‌্যাব-৪ এর সহকারি পরিচালক নুরুল আমিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৭৩৭ ঘ.