ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ওষুধ হাসপাতালের বাইরে বিক্রি করার অভিযোগে দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
এরা হলেন- হাসপাতালের ফার্মাসিস্ট মো. মজিবর ও চতুর্থ শ্রেণীর কর্মচারী খেলাফত হোসেন।
হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোববার বিকালে তাদের বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোর থেকে প্রায় এক হাজার ট্যাবলেট ও ক্যাপসুল নিয়ে বের হওয়ার সময় তরুণ নামের এক যুবককে আটক করে আনসার সদস্যরা।
ওই ওষুধের বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানান পরিচালক শহিদুল হক মল্লিক।
তিনি বলেন, "তরুণের স্বীকারোক্তি অনুযায়ী মজিবর ও খেলফতকে সনাক্ত করে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।"
বিষয়টি তদন্ত করে দেখার জন্য হাসপাতাল উপ-পরিচালক জসিম উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
পরিচালক বলেন, তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/২০১৬ ঘ.
bdnews24