২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি

২০০৪ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দেশে অন্তত ৫৩৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১০ সালে তা ৩৭ জনে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া এলাকার একটি হাসপাতালে চিকিৎসার পর ম্যালেরিয়া থেকে সেরে উঠছে ১৫ বছরের কিশোর জাকারিয়া। এই অল্প বয়সেই বেশ কয়েকটি বড় ধরনের রোগে ভুগতে হয়েছে জাকারিয়াকে। তার সৌভাগ্য, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়েও উৎরে গেছে সে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকার ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পর ধাপে ধাপে এই সাফল্য এসেছে। সরকারের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসাবে মশা নিরোধক বিশেষ মশারি ব্যবহার, ঘরে ঘরে মশা নিরোধক ওষুধ ছিটানো, আক্রান্তদের সঠিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণে গত কয়েক বছরে ম্যালেরিয়ার প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। সরকারের হিসাবে, ২০০৪ সালে দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৫৩৫ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১০ সালে তা নেমে এসেছে ৩৭-এ। সরকারের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমের নেতৃত্বে থাকা প্রতিষ্ঠান ব্র্যাকের ড. আকরামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার আন্তর্জাতিক ম্যালেরিয়া দিবস। উদযাপন করার মতো অনেক সাফল্যই এ কয় বছরে অর্জন করেছি আমরা।" অবশ্য দুর্গম ভৌগলিক অবস্থা, ভাষার ব্যবধান ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের ম্যালেরিয়াপ্রবণ পার্বত্য এলাকায় ম্যলেরিয়া বিরোধী কার্যক্রম পরিচালনা এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে বলে সতর্ক করে দেন ড. আকরামুল। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. দুলাল প্রসাদ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দু'মাসে জাকারিয়া ছাড়া আর কারো ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর তারা পাননি। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিল জাকারিয়া। ডা. দুলাল বলেন, ম্যালেরিয়ার ব্যাপারে মানুষ এখন অনেক বেশি সচেতন। তবে আগে পরিস্থিতি এ রকম ছিলো না। ২০১০ সালে ম্যালেরিয়াপ্রবণ ১৩টি জেলায় মোট ৫৬ হাজার ম্যালেরিয়া রোগী সনাক্ত করা হয়। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৬৪ হাজার। গত কয়েক বছরে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে এসেছে। ২০১০ সালে এ সংখ্যা ছিল প্রায় ৫২ হাজার; ২০০৯ এই সংখ্যা ছিলো ৫৮হাজার। ওই দুই বছরে সারা দেশে ম্যালেরিয়া সংক্রমণের যতোগুলো ঘটনা ঘটেছে, তার ৮০ শতাংশই ঘটেছে ম্যালেরিয়াপ্রবণ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামেও ম্যালেরিয়া সংক্রমণের বেশ কিছু খবর পাওয়া গেছে। ম্যালেরিয়া বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফায়েজ বলেন, শুরুর দিকে রোগ সনাক্ত করা গেলেই ম্যালেরিয়ার মৃত্যুঝুঁকি অনেক কমিয়ে আনা যায়। তিনি বলেন, আগে হাসপাতাল বা চিকিৎসকের কাছে পৌঁছাতে দেরি হওয়ার কারণে ম্যালেরিয়ায় অনেক মানুষের মৃত্যু হতো। কিন্তু এখন অনেক কার্যকর ওষুধ এসেছে, যার ফলে ম্যালেরিয়া রোগীদের জীবন বাঁচানো সহজ হচ্ছে। অধ্যাপক এম এ ফায়েজ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ম্যালেরিয়া ছড়ানোর ধরনও বদলে যায়। এর প্রভাবে একদিকে যেমন নতুন নতুন এলাকায় এ রোগ ছড়িয়ে পড়তে পারে। তেমনি আবার ম্যালেরিয়াপ্রবণ এলাকায় এ রোগের প্রকোপ কমেও যেতে পারে। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তিনি। সিলেট জেলার ম্যালেরিয়াবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারী একটি বেসরকারী সংস্থার পরিচালক জানান, বর্তমানে ম্যালেরিয়া সনাক্তকরণ পদ্ধতি ও এ রোগের চিকিৎসাসেবা সন্তোষজনক হলেও মশা নিরোধক বিশেষ মশারি সহজলভ্য নয়। দেশের পার্বত্য এলাকা পুরোপুরি ম্যালেরিয়ার ঝুঁকিমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, ইতিমধ্যে ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে ১৭ লাখ 'বিশেষ মশারি' বিতরণ করা হয়েছে। আরো ১৩ লাখ মশারি বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দাতা সংস্থাগুলোর সহযোগিতায় শিগগিরই আরো মশারি বিতরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির উপ প্রকল্প ব্যবস্থাপক জহিরুল করিম। মশার কামড়ের মাধ্যমে মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর (প্লাজমডিয়াম) সংক্রমণ ঘটে। এই পরজীবী মানুষের যকৃতে বংশ বৃদ্ধি করে এবং লোহিত রক্ত কণিকা ভেঙে ফেলে। সাধারণত মশা কামড়ানোর ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ রোগের উপসর্গ (কাঁপুনি দিয়ে জ্বর, মাথাব্যথা, বমি) দেখা দেয়। এ লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা না করা হলে রোগীর স্বাস্থের দ্রুত অবনতি ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এ রোগে মৃত্যুর ঝুঁকি সবচে বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/জেকে/১৯৩৬ ঘ.