২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত পাঁচ শতাধিক

ভোলায় তিন দিনে পাঁচ শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় তিন দিনে পাঁচ শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অনেকেই সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অনেকে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠায় বাড়ি চলে গেছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। হাসপাতালে বেশিরভাগ রোগীই আসছেন চরাঞ্চল থেকে। অত্যধিক গরমের কারণে মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শরিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই হাসপাতালে রোববার দুপুর পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি ছিলো ৫২ জন। এর মধ্যে ৪০ জনই নারী ও শিশু। এ ছাড়া তিন দিনে অনেকে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে চলে গেছে। ভোলা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ২০টি বিছানা রয়েছে। কিন্তু রোগী বেশি হওয়ায় তাদেরকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোলার সিভিল সার্জন ডা. শাহ আলম শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন দিনে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৮ জন, লালমোহনে ৮৬, তজুমদ্দিনে ৫৮, বোরহানউদ্দিনে ৬৭, দৌলতখানে ৫৩ এবং মনপুরায় ৬৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অনেকে এখনো হাসপাতালে ভর্তি আছেন। তিনি বলেন, "গরমের কারণেই ভোলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি মহামারি নয়। একটু বৃষ্টি হলেই আবহাওয়া ঠাণ্ডা হয়ে যাবে। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।" তিনি জানান, ডায়রিয়ার প্রকোপ আরো বৃদ্ধি পেলে মেডিকেল ক্যাম্প করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫১ ঘ.