ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনহীন ওষুধ রাখা ও বিক্রির দায়ে রাজধানীর পল্লবীতে এক ওষুধ ব্যবসায়ীকে দুবছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মনিরুল আলম (৩২) রয়েল ম্যাক্স কোম্পানির মালিক বলে ম্যাজিট্রেট এবিএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের ৩৮ নম্বর বাসার নিচতলার গোডাউন থেকে প্রায় ১৮ লাখ পিস প্রোটিন, ভিটামিন ও ক্যাপসুল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এসব ওষুধ চীন থেকে এনে ছোট ছোট প্যাকেটে ভরে অনুমোদনহীন ওই কোম্পানির নামে বাজারজাত করা হচ্ছিলো।
"এই অপরাধে মনিরুল আলমকে ২ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো তিন মাস সাজা ভোগ করতে হবে," বলেন ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা।
অভিযানে র্যাব-৪ এর সহকারী উপ-পরিদর্শক নুরুল আমিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২২৩৮ ঘ.
bdnews24