নুরুল ইসলাম হাসিব
ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ১ কোটি ৮০ লাখ মানুষ কিডনির বিভিন্ন জটিলতায় ভুগছেন। প্রতি বছর অন্তত ৪০ হাজার মানুষ মারা যাচ্ছেন কিডনি অকেজো হয়ে যাওয়ার কারণে।
বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরে দেশে কিডনি রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। আর এ জন্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এবং নিয়ম না মেনে ওষুধ গ্রহণের প্রবণতাকে দায়ী করেছেন চিকিৎসকরা।
কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, "এই পরিসংখ্যানই বলে দেয়, কিডনি জটিলতার কারণে কতোটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ।"
তিনি বলেন, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, প্রতিদির হাঁটার অভ্যাস, খাওয়ার সময় বাড়তি লবণ না নেওয়া এবং ধূমপান ত্যাগ করাই কিডনি জটিলতা থেকে দূরে থাকার মূলমন্ত্র।
তবে সরকারকেও এ বিষয়ে উদ্যোগী হতে বলেছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও কিডনি পরীক্ষার ব্যবস্থা রাখা উচিৎ। তা সম্ভব হলে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষও আগে থেকে সতর্ক হতে পারবে, কিডনি রোগে মৃত্যুর সংখ্যাও কমে আসবে।
নিরব ঘাতক
কিডনি বিশেষজ্ঞ এম এ সামাদের ভাষায়, এ রোগ হলো এক নিরব ঘাতক।
"সাধারণত কিডনি রোগের উপসর্গগুলো রোগী বুঝতে পারেন অনেক দেরিতে, ততোদিনে হয়তো তার কিডনির ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে।"
আগেই সনাক্ত করা গেলে ৫০ শতাংশ ক্ষেত্রে রোগীকে সারিয়ে তোলা সম্ভব বলে জানান তিনি। যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন, সাধারণ রক্ত ও মূত্র পরীক্ষার মাধ্যমেই তাদের কিডনির সুস্থতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
এম এ সামাদ বলেন, প্রস্রাবের রং, পরিমাণ ও দিনে কয়বার হয়েছে তার সংখ্যায় কোনো পরিবর্তন দেখা দিলে, শরীরের কোনো অংশ হঠাৎ ফুলে উঠলে এবং দম কমে গেলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
কিডনি ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায়, যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের ৫১ শতাংশই জানেন না যে, তারা এ রোগে ভুগছেন। উচ্চ রক্তচাপের রোগীদের ৬৫ শতাংশই তাদের রোগের ব্যাপারে সচেতন নন। ৬৫ শতাংশ মানুষই জানেন না যে তাদের মূত্রের মাধ্যমে শরীর থেকে অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে।
শরীর থেকে অ্যালবুমিন বেরিয়ে যাওয়ার মানে হলো- কিডনি ঠিক মতো কাজ করছে না।
আরেক জরিপে জানা যায়, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ৭০ শতাংশই কিডনি ও এর রোগ সম্পর্কে সচেতন নন।
অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, অসুস্থ হলেই দোকানে গিয়ে নিজের বিবেচনায় ওষুধ সেবন এবং এন্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার কিডনির মারাত্মক ক্ষতি করে।
পাশাপাশি ভেজাল খাবার ও আর্সেনিকদুষ্ট পানি দেশে কিডনি রোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে বলে জানান তিনি।
স্ট্রোকের ঝুঁকি
অধ্যাপক রশিদ বলেন, যারা ক্রনিক কিডনি রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অন্যদের চেয়ে ১০ থেকে ৩০ গুণ বেশি।
কাজেই কিডনি রোগীদের হৃৎপিণ্ডও যাতে সুস্থ থাকে, সেই চেষ্টা বাড়াতে হবে।
অধ্যাপক সামাদ বলেন, কেবল সচতনতাই একজন রোগীর কিডনি পুরোপুরি অকেজো হওয়া ঠেকাতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত মূত্র পরীক্ষার পরামর্শ দিয়ে তিনি বলেন, এভাবে প্রাথমিক অবস্থাতেই কিডনি রোগ সনাক্ত করা সম্ভব।
অপর্যাপ্ত চিকিৎসা সুবিধা
দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ৭৫ জন। আর সারা দেশে ডায়ালাইসিস যন্ত্র আছে সব মিলিয়ে একশোর মতো।
কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, বিপুল ব্যয়ের কারণে অধিকাংশ কিডনি রোগীই দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে পারেন না। বাংলাদেশে কিডনি রোগে ভুগে যারা মারা যান, তাদের ৯০ শতাংশের মৃত্যুর কারণ এটাই।
"কিডনি সচল রাখার জন্য মানুষ ডায়ালাইসিস শুরু করে। কিন্তু খবচের কারণে তিন থেকে চার মসের মধ্যে তারা ডায়ালাইসিস বন্ধ করে দেয়।"
বেসরকারি হাসপাতালগুলো ইদানিং ডায়ালাইসিসসহ কিডিনি রোগীদের বিভিন্ন চিকিৎসাসেবা দিতে শুরু করলেও সারা দেশে হাতে গোনা ৫ থেকে ৬টি সরকারি হাসপাতালে এ সুবিধা রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় রাজধানীতে এই সেবা পাওয়া যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাতীয় কিডনি ইনস্টিটিউটে। আর ঢাকার বাইরে এ সুবিধা রয়েছে কেবল চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
এছাড়া অলাভজনক সংস্থা বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনও স্বল্প খরচে কিডনি রোগের চিকিৎসা দিয়ে থাকে।
অধ্যাপক সামাদ বলেন, দেশের ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও কিডনি জটিলতার প্রাথমিক চিকিৎসা সুবিধা থাকা জরুরি। সেখানে রোগ সনাক্ত করার পর অবস্থা বিবেচনা করে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো যেতে পারে।
কিডনি প্রতিস্থাপন
অধিকাংশ কিডনি রোগীর মৃত্যু হয় রোগে ভুগে কিডনি অকেজো হওয়ার কারণে। ফলে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে কিডনি প্রতিস্থাপনের প্রবণতাও ধীরে ধীরে বাড়ছে।
অধ্যাপক রশিদ বলেন, কিডনি প্রতিস্থাপন প্রয়োজন এমন রোগীর সংখ্যা গত ১ দশকে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু কেবল জীবিত দাতাদের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা সম্ভব নয়।
দেশের আইন অনুযায়ী, রোগীর একান্ত ঘনিষ্ঠ আত্মীয়রাই কেবল নিজেদের কিডনি দান করতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একজন সুস্থ লোক কিডনি দান করার মতো মানসিক শক্তি অর্জন করতে পারেন না। এ কারণে শত শত রোগীকে কিডনি প্রতিস্থাপনের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়।
বর্তমানে কিডনি ফাউন্ডেশনের রোগীদের মধ্যে যারা প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন, তাদের মধ্যে শতকরা দশ জনও হয়তো ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের কাছ থেকে কিডনি পাবেন না।
তবে মৃত্যুর পর কিডনি দান করে যাওয়ার একটি সুযোগ আছে বাংলাদেশের আইনে। মানুষকে এ ব্যাপারে উৎসাহিত করা গেলে এবং সময়মতো কিডনি সংগ্রহ করা সম্ভব হলে, তা প্রতিস্থাপনের মাধ্যমে বহু মরণাপন্ন রোগীকে জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব।
অধ্যাপক রশিদ বলেন, কিডনি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে- এমন রোগীদের ৯৬ শতাংশকেই বাকি জীবন ডায়ালাইসিসের ওপর নির্ভর করতে হবে। আর বাকি মাত্র চার শতাংশ রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন সম্ভব।
"যদি এদের সবার ক্ষেত্রেই কিডনি প্রতিস্থাপন সম্ভব হতো, তাহলে আমরা অনেক মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারতাম।"
জাতীয় কর্মকৌশল
১৯৭৩ সালে তৎকালীন পিজি হাসপাতালে (এখনকার কঙ্গবন্ধু মেডিকেল) দেশের প্রথম কিডনি বিভাগের যাত্রা শুরু হয় অধ্যাপক মতিউর রহমানের হাত ধরে। তিনি বলেন, বিগত দশকগুলোতে দেশে কিডনি রোগীর সংখ্যা যেমন বেড়েছে, এ রোগের ধরনও তেমনি পাল্টে গেছে।
"আগে কিডনি জটিলতার মধ্যে ইনফেকশনই ছিল মূল মাথাব্যাথা। কিন্তু এখন বহু নন-ইনফেকশাস রোগও হুমকি হয়ে দেখা দিয়েছে।"
কিডনি রোগ প্রতিরোধে যতো দ্রুত সম্ভব একটি সমন্বিত জাতীয় কর্মকৌশল তৈরি করা জরুরি বলে মনে করেন অধ্যাপক মতিউর।
"হৃদরোগ ও বহুমূত্রও যেহেতু কিডনি রোগের সঙ্গে সম্পর্কিত, সেহেতু এ বিষয়ে একটি জাতীয় কর্মকৌশল তৈরি করে মাঠে নামতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/বিডি/জেকে/০০৩৮ ঘ.
bdnews24