২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এসিডদগ্ধদের চিকিৎসায় হাসপাতালের জমি দেবে সরকার'

দেশে এসিডদগ্ধদের চিকিৎসায় এসিড অ্যান্ড বার্নস হাসপাতাল নির্মাণে সরকার এসিড সারভাইভারস ফাউন্ডেশনকে (এএসএফ) জমি বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এসিডদগ্ধদের চিকিৎসায় এসিড অ্যান্ড বার্নস হাসপাতাল নির্মাণে সরকার এসিড সারভাইভারস ফাউন্ডেশনকে (এএসএফ) জমি বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। এএসএফ'র উদ্যোগে শনিবার 'এসিড সহিংসতা প্রতিরোধ ও এসিড সারভাইভারদের সেবা নিশ্চিতকরণ' শিরোনামের এক অনুষ্ঠানে সংগঠনটির আবেদনের প্রেক্ষিতে এ কথা বলেন ভূমিমন্ত্রী। রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম মিলনায়তনে ওই অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, "সরকার এসিড অ্যান্ড বার্ন হাসপাতাল নির্মাণের জন্য এএসএফকে নামমাত্র মূল্যে কিছু সরকারি জমি বরাদ্দ দেবে।" সম্মেলনে এএসএফ'র নির্বাহী পরিচালক মনিরা রহমান জানান, ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত গত ১১ বছরে দেশে দুই হাজার ৪৭৬টি এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আক্রান্ত তিন হাজার ১৩৫ জন ব্যক্তির মধ্যে দুই হাজার ১৪৬ জন নারী এবং ৯৮৯ জন পুরুষ রয়েছে। এসব ঘটনায় সারা দেশে এক হাজার ৫৯৩টি মামলা হয়েছে। গত বছর সারা দেশে ১৫টি এসিড নিক্ষেপের ঘটনায় আক্রান্ত হয়েছে ১৫৩ জন। যার মধ্যে নারী ১১০ জন ও পুরুষ ছিলেন ৪৩ জন। মনিরা বলেন, এসিড নিক্ষেপের এসব ঘটনা কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, ২২ শতাংশ প্রেম, বিয়ে ও যৌন প্রস্তাব প্রত্যাখান, ৮ শতাংশ যৌতুক, ৫ শতাংশ পারিবারিক বিরোধ ও সংঘাত, ৮ শতাংশ বৈবাহিক সম্পর্কের টানাপড়েন, ৩৭ শতাংশ জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধে ঘটেছে। এছাড়া বিবিধ কারণে ৮ শতাংশ এবং বাকি ১২ শতাংশের কারণ জানা যায়নি বলে জানান তিনি। মনিরা বলেন, "এএসএফ এসিড সহিংসতা প্রতিরোধের পাশাপাশি এসিড সারভাইভারদের সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের (এনএসিসি) সদস্য হিসেবে একযোগে কাজ করছে।" সম্মেলনে অংশ নিয়ে এসিড দগ্ধদের মধ্যে যশোরের সাবিনা খাতুন বলেন, "এক বছর আগে যৌতুকের কারণে স্বামীর হাতে এসিড দগ্ধ হই। এ ঘটনায় মামলা করার পরও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না।" এ সময় আরো বক্তব্য দেন- স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, তথ্য ও সংস্কৃতি সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ। সম্মেলনে ১১টি জেলা থেকে আসা ১১৫ জন এসিড দগ্ধ ব্যক্তি অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলএন/পিডি/১৮০৪ ঘ.