২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃমৃত্যুর হার কমানোয় উল্লেখযোগ্য অগ্রগতি

দেশে গর্ভধারণ ও সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাওয়া নারীর সংখ্যা ১০ বছরে ৪০ শতাংশ কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 05:29 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গর্ভধারণ ও সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাওয়া নারীর সংখ্যা ১০ বছরে ৪০ শতাংশ কমেছে। মাতৃমৃত্যুর হার ২০০১ সালে প্রতি লাখে ৩২২ জন হলেও ২০১০ সালে তা ১৯৪ এ নেমে এসেছে। প্রতিবছর মৃত্যুহার কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি ফাইভ) ৫ দশমিক ৪ শতাংশ হারে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। রোববার রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে 'ম্যাটারনাল মরটালিটি সার্ভে ২০১১' জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা দেশে মাতৃ ও প্রসূতি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করলেও জরিপে এ চিত্র বেরিয়ে আসে। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, "এটা সত্যিই খুব দারুণ যে আমরা এমন ভাল একটা অবস্থানে পৌঁছেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন হয়েছে। তবে আমরা এখানেই থামবো না, আমাদের আরো কাজ করে যেতে হবে।" তিনি জানান, মাতৃমৃত্যুর হার আরো কমিয়ে আনতে ঝুঁকিতে থাকা মায়েদের সনাক্ত করতে জিপিআরএস সিস্টেম চালু করার একটি পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। বিষয়টি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. মোদাচ্ছের আলী বলেন, এ অর্জন জনগণের। এ বিষয়ে আমাদের মনোযোগ কমালে চলবে না, কারণ এর চ্যালেঞ্জ অন্যখানে। একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই অর্জন অবশ্যই একটি চ্যালেঞ্জ, কিন্তু তা ছাড়িয়ে যেতে চাইলে সেটা আরো বেশি। ইউএসএইড, মেজার ইভ্যালুয়েশন ও আইসিডিডিআর,বিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এ বিষয়ে দ্বিতীয় দফা জরিপ কাজ চালাচ্ছে সরকার। আইসিডিডিআর,বির স্বাস্থ্য ও জনতাত্ত্বিক তত্ত্বাবধান ইউনিটের (এইচডিএসইউ) প্রধান পিটার কিম স্ট্রিটফিল্ড বলেন, "এই উন্নতির পেছনে চিকিৎসা, আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক বিষয় ছাড়াও বেশ কিছু বিষয় কাজ করেছে।" এ জরিপে এক লাখ ৭৬ হাজার পরিবার অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সচেতনতা বৃদ্ধিসহ নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়টি মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। "মাতৃমৃত্যুর ঝুুঁকি কমার ক্ষেত্রে শিশু জন্মহার ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়টিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে," বলেন তিনি। এমডিজি ফাইভ এ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এ অর্জন বেশি হলেও মাতৃমৃত্যুর অনুপাত আরো ২৫ শতাংশ কমিয়ে আনার জন্য আরো চেষ্টা করতে হবে বলে জানান তিনি। তিনি জানান, ২০০১ সালে জরিপে পাওয়া ফলাফলে দেখা যায় মাতৃমৃত্যুর অর্ধেকই হয়েছে রক্তক্ষরণে (২৯ শতাংশ) ও এক্লাম্পশিয়ার (২৪ শতাংশ) মতো জীবন সংহারক জটিলতায়। "২০১০ সালে এই দুটি কারণে মৃত্যুর হার অনেক কমে এসেছে। রক্তক্ষরণের কারণে মৃত্যুর হার কমেছে ৩৫ শতাংশ ও এক্লাম্পশিয়ায় মৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ," বলেন তিনি। দুটি জরিপ প্রতিবেদনের তুলনা করে হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক কেনেথ হিল বলেন, গত নয় বছরে সন্তান জন্মদানে সক্ষম সব বয়সী নারীর ক্ষেত্রেই গড় মৃত্যুহার কমে এসেছে। বেড়েছে চিকিৎসা সুবিধা জরিপে জানানো হয়, গত কয়েক দশকে প্রসবকালীন সময়ে নারীদের চিকিৎসা সুবিধা পাওয়ার বিষয়টি বেড়েছে। ২০০১ সালে চিকিৎসা সুবিাধা পাওয়ার হার ছিল ৯ শতাংশ, যা বেড়ে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বেসরকারি খাতে (২ দশমিক ৭ শতাংশ থেকে ১১ দশমিক ৩ শতাংশ)। সেইসঙ্গে সরকারি খাতেও কিছু উন্নতি হয়েছে (৫ দশমিক ৮ শতাংশ থেকে ১০ শতাংশ)। এ ক্ষেত্রে উন্নয়ন সংস্থাগুলোর অবদান ছিল খুবই সামান্য (০ দশমিক ৬ শতাংশ থেকে ২ শতাংশ)। তবে প্রসবকালীন সময়ে নারীদের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশই নিজ বাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত পরিচর্যাকারী পেয়েছেন। স্ট্রিটফিল্ড বলেন, যথাযথ ব্যাবস্থাপনার মাধ্যমে প্রসবের সময় রক্তক্ষরণের বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে এড়ানো যেতে পারে। কিন্তু শুধু ওষুধ দিয়ে এক্লাম্পশিয়া সব সময় নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। প্রসবকালীন জটিলতা মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত পরিচর্যাকারীর সহায়তা প্রয়োজন হয়। সচেতনতা বেড়েছে সমীক্ষায় জানানো হয়, উন্নত যোগযোগ, বিশেষ করে ব্যাপকহারে মোবাইল ফোনের ব্যবহার মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। জরিপের ফলাফলে বলা হয়, যাদের কোনো শিক্ষা নেই এমন ৫৬ শতাংশ নারী গর্ভকালীন সময়ে চিকিৎসা সেবা নিচ্ছে। ২০০১ সালে এই হার ছিল মাত্র ৯ শতাংশ। এমনকি দরিদ্র নারীরাও গর্ভকালীন সময়ে চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছেন। এই হার ২০০১ সালের ২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০১০ সালে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫ শতাংশে। যা ধনী-দরিদ্র বৈষম্য কমে আসার উদাহরণ। নারী শিক্ষার প্রভাব জরিপে দেখা যায় মাধ্যমিক পর্যন্ত শিক্ষিত নারীদের গর্ভকালীন চিকিৎসা নেওয়ার হার ৫২ শতাংশ বেড়েছে। ২০০১ সালে এ হার ছিল ১৭ শতাংশ। জনতাত্ত্বিক বিষয় শিশু জন্মহার ২০০১ সালের ৩ দশমিক ২ শতাংশ থেকে কমে ২ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ গত নয় বছরে শিশু জন্মহার ২২ শতাংশ কমে এসেছে। স্ট্রিটফিল্ড বলেন, শিশু জন্মহার কমে যাওয়া মাতৃমৃত্যুর ঝুঁকিও কমে এসেছে। তিনি বলেন, "শিশু জন্মহার কমে আসায় চার সন্তান রয়েছে এমন নারীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার হার ৩০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে এসেছে।" সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি ফাইভ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি লাখে মাতৃমৃত্যুর অনুপাত ১৪৩ এ নামিয়ে আনতে হলে মৃত্যুহার আরো ২৫ শতাংশ কমাতে হবে বলে জানান স্ট্রিটফিল্ড। "শিশু জন্মহার কমানো খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যত সফলতার বিষয়টি নির্ভর করছে জন্মহার কমাতে কার্যকর পরিবার পরিকল্পনার বিষয়টি," বলেন তিনি। তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ও প্রসবকালীন প্রশিক্ষিত পরিচর্যাকরীর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। স্ট্রিটফিল্ড বলেন, "উভয় জরিপেই মাতৃমৃত্যুর প্রধান কারণ হিসাবে রক্তক্ষরণ ও এক্লেম্পশিয়া চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে প্রয়োজনে মিসোপ্রোটোল ট্যাবলেট ও ম্যাগনেসিয়াম সালফেট এর ব্যবহার নিশ্চিত করতে হবে।" জরিপ পদ্ধতি জরিপ প্রসঙ্গে মেজার ইভ্যালুয়েশন এর কনসালটেন্ট ড. আহমেদ আল সাবির বলেন, এক লাখ ৭৬ হাজার পরিবারের ১৩ থেকে ৪৯ বছর বয়সী নারীরা জরিপে অংশ নিয়েছে। ২০১০ সালের ১৮ জানুয়ারি থেকে ৬ অগাস্ট পর্যন্ত ৬ সদস্য বিশিষ্ট ৪৭টি দল ৬ দফায় এ জরিপের তথ্য সংগ্রহ করেন। তিনি জানানন, এই জরিপে ২০০১ সালের জরিপের চেয়ে ৭৫ হাজার বেশি পরিবারকে অন্তুর্ভুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেবি/এমআই/জেকে/২২০৬ ঘ.