নুরুল ইসলাম হাসিব
ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস সংক্রমণের কারণে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, নিপা ভাইরাসের কারণে হাতীবান্ধার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়াও ঠিক হয়নি। কেননা এতে করে মানুষের মধ্যে আতঙ্ক আরো বাড়তে পারে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেন, "এর সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই। এভাবে স্কুল বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।"
লালমনিরহাটে এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে নিপা ভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, "এরকম সিদ্ধান্ত (স্কুল বন্ধ) কেবল সবার মধ্যে আতঙ্কই ছড়াতে পারে।"
আইইডিসিআরের হিসাবে, হাতীবান্ধায় ৩১ জানুয়ারি নিপা ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম ঘটনার পর শনিবার পর্যন্ত মোট ২২ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৬ জন। তবে স্থানীয়দের হিসেবে, এই সময়ে মৃত্যুর সংখ্যা ২১।
এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় উপজেলা শিক্ষা কমিটি শুক্রবার সভা করে সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে।
আইসিডিডিআর,বির গবেষক ড. ফারহানা হক হাতীবান্ধা থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানুষ নিপা ভাইরাসের কারণে আতঙ্কে ভুগছে। তবে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে- আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপাতত খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সবাইকে।"
আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষার পর আইইডিসিআরের পক্ষ থেকে শুক্রবার নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিপা ভাইরাস শরীরে প্রবেশের ৮ থেকে ১২ দিন পর রোগের লক্ষণ প্রকাশিত হয়। এ কারণে গত একমাসে যারা খেজুরের রস খেয়েছেন, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখতে হবে। যারা রোগীদের সেবা দিয়েছেন এবং মৃতদের সৎকার করেছেন, তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে।
নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে।
বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে চলতি সংক্রমণের আগ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৭৪ জনের মধ্যে ১২৭ জনেরই মৃত্যু হয়েছে।
নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ফরিদপুরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা তদন্ত করে আইসিডিডিআর,বি জানতে পারে, ওই সময় অনেকেই সতর্ক না হওয়ার কারণে এ রোগে আক্রান্ত হয়েছিলেন। ফরিদপুরের একাধিক লোক নিপা সংক্রমিত হয়েছিলেন অসতর্কভাবে অন্য রোগীর সেবা করার কারণে।
ডা. সুবোধ কুমার কুণ্ডু বলেন, এ রোগে আক্রান্তদের পরিচর্যা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।
রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে। রোগীর সঙ্গে একই পাত্র খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না। রোগীর শুশ্র
bdnews24