২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে সভা

গাজীপুর পৌরসভা মিলনায়তনে মঙ্গলবার সকালে অ্যানথ্রাক্স প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর পৌরসভা মিলনায়তনে মঙ্গলবার সকালে অ্যানথ্রাক্স প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত ওই সভায় পশু ব্যবসায়ী ও কসাইসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান জানান, পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে অ্যানথ্রাক্স প্রতিরোধে এ পর্যন্ত চৌদ্দ হাজার আটশত গবাদি পশুকে টিকা দেওয়া হয়েছে এবং টিকাদান কর্মসূচী অব্যাহত রয়েছে। সভায় কসাইদের নির্দিষ্ট স্থানে গবাদিপশু জবাই ও জবাইয়ের পর ভাল করে সাবান দিয়ে হাত ও শরীরের রক্ত ধুয়ে পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া জবাইয়ের আগে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছ থেকে জবাই সনদ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। অ্যানথ্রাক্স আক্রান্ত তথা অসুস্থ পশু জবাই না করা, মরা পশুকে ২মিটার গভীর গর্তে মাটি চাপা দেওয়া ও জবাইয়ের পর বর্জ্য মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। এসব শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান সহ অন্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭২৫ ঘ.